ফের শীতের ব্যাটিং শুরু! দেশের বহু জায়গায় বন্ধ হচ্ছে স্কুল, জারি সতর্কতা, তালিকায় কোন কোন রাজ্য?
দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে এখনও জাঁকিয়ে শীত। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আজ উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের বহু রাজ্যে ঘন থেকে খুব ঘন কুয়াশা এবং ঠান্ডা দিনের সতর্কতা জারি করেছে। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকার কারণে যাতায়াত এবং দৈনন্দিন কাজে সমস্যা বাড়তে পারে বলেও আশঙ্কা।

আলাদা করে আবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দিনে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে গিয়েছিল। গোরখপুর, গোয়ালিয়র এবং জব্বলপুরে বিমান চলাচল এবং সড়ক যোগাযোগে তার প্রভাব পড়েছিল। দিল্লি থেকে পাটনা পর্যন্ত জাতীয় সড়কেও যানজটের ছবি দেখা গিয়েছে। আগামী কয়েক দিন পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানে কুয়াশা বজায় থাকবে। পূর্ব উত্তরপ্রদেশে এই পরিস্থিতি ১২ জানুয়ারি পর্যন্ত চলতে পারে। বিহার এবং অসমেও ১০ জানুয়ারি পর্যন্ত কুয়াশাচ্ছন্ন সকাল থাকতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে যে, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব রাজস্থান এবং ঝাড়খণ্ডে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি অথবা তারও বেশি কম থাকতে পারে। কোথাও কোথাও আবার রাতের দিকে পারদ নেমে ২ ডিগ্রির কাছাকাছি যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাখণ্ডের কিছু অংশে মাটিতে তুষার জমার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা তুষারপাত অথবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তীব্র শীতের কারণে একাধিক রাজ্যে স্কুল বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রাজস্থানের জয়পুরে ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষকরা স্কুলে যাবেন এবং পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হবে।
ত্রিপুরাতেও চরম ঠান্ডার কারণে ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে।
উত্তরপ্রদেশের লখনউয়ে ৮ জানুয়ারি পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে সীমিত সময়ের জন্য অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। মেরঠে আবার ৬ এবং ৭ জানুয়ারি অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই দেশের বড় অংশে শীত এবং কুয়াশা নাজেহাল করে তুলেছে জনজীবন।












Click it and Unblock the Notifications