শুধু বাংলাতেই নয়, 'ঘূর্ণিঝড় অশনি'র প্রভাব আরও ৭ রাজ্যে! একনজরে সর্বশেষ অবস্থান
শুধু বাংলাতেই নয়, 'ঘূর্ণিঝড় অশনি'র প্রভাব আরও ৭ রাজ্যে! একনজরে সর্বশেষ অবস্থান
এদিন আরও কিছুটা অগ্রসর হয়েছে নিম্নচাপটি। সঙ্গে শক্তিও বাড়িয়েছে। সোমবার সকালের মধ্যে তা শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। তবে এর জন্য আন্দামান এবং সন্নিহিত এলাকার ওপরে নজরদারি চালানো হচ্ছে। এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল হয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে অগ্রসর হতে চলেছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ
শনিবারের সুস্পষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এদিন সকাল সাড়ে আটটার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করেছে। সেই সময় এর অবস্থান ছিল নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর থেকে ১১০ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে এবং আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ১৭০ কিমি দক্ষিণে। অন্যদিকে এই সময় গভীর নিম্নচাপটির অবস্থান ছিল মিয়ানমারের ইয়াঙ্গন থেকে ৮৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

যে পথে অগ্রসর হবে
এই গভীর নিম্নচাপটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং পরবর্তী ১২ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-উত্তর-পূর্ব দিকে এই ঘূর্ণিঝড় অগ্রসর হয়ে উত্তর মায়ানমার এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ২২ মার্চ অর্থাৎ মঙ্গলবার সকাল নাগাদ।

সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ভারী থেকে অতিভারী এবং কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাতও হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোনও কোনও জায়গায়। ২১ মার্চ নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর আন্দামানে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওইদিন নিকোবর দ্বীপপুঞ্জেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের প্রতি
মৎস্যজীবীদের প্রতি দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, তাঁরা যেন ২০ ও ২১ মার্চ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যান। আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের সতর্ক করে বলা বয়েছে তাঁরা যেন ২০-২২ মার্চের মধ্যে মাছ ধরতে না যান। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের প্রতি সতর্ক করে বলা হয়েছে তাঁরা যেন ২১ ও ২২ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মৎস্যজীবীরা ২২ মার্চ যেন সমুদ্রে না যান।

প্রভাব উত্তর-পূর্বের রাজ্যেও
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ত্রিপুরা ও মেঘালয়ে প্রথম প্রভাব পড়তে চলেছে।












Click it and Unblock the Notifications