গণতান্ত্রিক নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ, কোয়াড বৈঠকে বাইডেনকে বার্তা মোদীর
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের প্রভাব আটকাতে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সম্মেলনে যোগদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সম্মেলনে যোগদান করে তিনি বললেন, 'আমরা আমাদের গণতান্ত্রিক নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ রয়েছি৷'

ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে চার দেশের একটি জোট তৈরি হয় ২০০৭ সালে৷ যে জোটে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ পোশাকি নাম কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ হলেও যা কোয়াড নামে পরিচিত। চিনের প্রভাব রুখতে ২০১৭ সাল থেকে এই জোট অনেক বেশি সক্রিয়৷
শুক্রবার সেই জোটেরই ভার্চুয়াল সম্মেলন হয়৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য দুই দেশের রাষ্ট্রপ্রধানরা৷ গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম মোদি ও বাইডেন কোনও সম্মেলনে অংশগ্রহণ করলেন৷ এদিন মোদির উদ্দেশ্যে বাইডেনের বার্তা, 'আপনার সঙ্গে দেখা হয়ে ভলো লাগছে প্রধানমন্ত্রী মোদী৷'
অন্যদিকে মোদী তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, 'বন্ধুদের মধ্যে আসতে পেরে ভালো লাগছে৷ বাইডেনকে ধন্যবাদ দেব এই উদ্যোগ নেওয়ার জন্য৷ আমরা আমাদের গণতান্ত্রিক নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ রয়েছি৷ আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখতে বদ্ধপরিকর৷ ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি নিয়ে এই কোয়াড বিশ্বের ভালোর জন্য কাজ করছে৷'
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে আন্তর্জাতিক আইন মেনে অবাধ রাখার বিষয়ে জোর দিয়েছেন৷ আর নাম না করে তিনি চিনের সমালোচনা করেছেন৷












Click it and Unblock the Notifications