ISRO: ইসরোর দায়িত্বে এবার ভি নারায়ণন, বাংলার সঙ্গে আছে এক গভীর যোগ! জানলে অবাক হবেন
ISRO: ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। শুধু চেয়ারম্যান নন, তিনি সামলাবেন মহাকাশ দফতরের সচিবের দায়িত্বও। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন আগামী ১৪ জানুয়ারি। সে দিনই ইসরোর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন ভি নারায়ণন (V Narayanan) ।
মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইসরোর (ISRO) নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিসভার নিয়োগ করা কমিটি জানিয়েছে, আগামী ২ বছরের জন্য ইসরো প্রধানের দায়িত্ব সামলাবেন ভি নারায়ণন। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান ছিলেন তিনি। এ ছাড়াও ভ্যালিয়ামারার দায়িত্বও সামলেছেন এই বিজ্ঞানী। দেশের ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভি নারায়ণন। ক্রায়োজেনিক ইঞ্জিন, এমন এক প্রযুক্তি যা মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজন।

ছবি সৌজন্য- ANI/X
ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার ও অভিযানের নেপথ্যে ভি নারায়ণনের ভূমিকা অপরিসীম। মূলত, প্রপালশন সিস্টেমের উপর কাজ করেছেন তিনি। কোনও লঞ্চ যানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও গবেষণা করেছেন এই মহাকাশ বিজ্ঞানী। ইসরোর আসন্ন গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। এই যানের জন্য জাতীয় স্তরের মানব রেট সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন নারায়ণ।
তামিলনাড়ুতে জন্ম ভি নারায়ণন। সেখানেই তাঁর বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে। খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন ভি নারায়ণন। স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারের জন্য রৌপ পদক দেওয়া হয়েছিল তাঁকে। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে।
১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ। ২০১৮ সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়। আর এবার ইসরোর প্রধান হিসাবে শুরু হবে তাঁর নতুন পথচলা।












Click it and Unblock the Notifications