ছিঃ! মায়াবতীকে 'পতিতা' আখ্যা উত্তরপ্রদেশের বিজেপি সহ সভাপতির
লখনৌ, ২০ জুলাই : রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়িকে একেবারে তলানিতে নামিয়ে আনলেন উত্তরপ্রদেশের বিজেপি সহ সভাপতি দয়াশঙ্কর সিং। বিএসপি নেত্রী মায়াবতীকে পতিতা নারীর সঙ্গে তুলনা করলেন তিনি। ঘটনার জেরে জাতীয় রাজনীতিতে তুফান উঠেছে যার আঁচ গিয়ে পড়েছে সংসদে।
ঠিক কী বলেছেন দয়াশঙ্কর সিং? তিনি বলেছেন, "মায়াবতী ভোটের টিকিট বিক্রি করছেন। তিনি বড় নেত্রী এবং তিনবারের মুখ্যমন্ত্রী। তবে ১ কোটি টাকা দিলেই যেকেউ ভোটে দাঁড়ানোর টিকিট পেয়ে যাচ্ছেন। কেউ সেই টিকিট ২-৩ কোটিতে কিনতে চাইলে প্রথমজন বাদ পড়ে যাচ্ছেন। বেশি দাম যিনি দিচ্ছেন তিনি টিকিট পাচ্ছেন। আজকাল তাঁর চরিত্র পতিতাদের চেয়েও নিম্নমানের হয়ে গিয়েছে।"

দয়াশঙ্করের সাংবাদিকদের সামনে বলা এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। মায়াবতী নিজে জানিয়েছেন, এমন ঘৃণ্য মন্তব্য করে বিজেপি বুঝিয়ে দিয়েছে বিএসপির জনপ্রিয়তা তাদের কাছে কতটা বিড়ম্বনার কারণ।
ঘটনার গুরুত্ব বুঝে উত্তরপ্রদেশ বিজপি নেতৃত্বও দয়াশঙ্করের মন্তব্যের বিরোধিতা করেছে। রাজ্য সভাপতি কেশব মৌর্য জানিয়েছেন, ক্ষমা না চাইলে দয়াশঙ্করের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন মন্তব্য কখনও কাম্য নয় বলেও জানিয়েছেন তিনি। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও বক্তব্যের তীব্র নিন্দা করেছেন।
ঘটনা হল, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সেখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে বিজেপি, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মধ্যে। এই লড়াইয়ে বহুজন সমাজ পার্টি বা বিএসপি প্রধান প্রার্থী হবেন মায়াবতী। দলিত ভোটের অনেকটাই পকেটে পুরতে পারেন মায়াবতী। ফলে তিনি ভালোই লড়াই দেবেন বিজেপি অথবা সপা-কে। আর সেজন্যই আগে থেকে মায়াবতীকে চাপে রাখার কৌশল শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications