চিকিৎসার খরচ কমাতে চায় ভারত, কড়া বিরোধিতায় আমেরিকা
ভারতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ওপর মূল্য বেধে দেওয়ার বিরোধিতা করল আমেরিকা। একইসঙ্গে আমেরিকার সংস্থাগুলিকে বাজার থেকে পণ্য তুলে নেওয়ার ব্যাপারে অনুমতি দিতে আবেদন করেছে।
ভারতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ওপর মূল্য বেধে দেওয়ার বিরোধিতা করল আমেরিকা। একইসঙ্গে আমেরিকার সংস্থাগুলিকে বাজার থেকে পণ্য তুলে নেওয়ার ব্যাপারে অনুমতি দিতে আবেদন করেছে।

সাধারণ মানুষের কাছে চিকিৎসার উপকরণ পৌঁছে দিতে সাম্প্রতিক মাসগুলিতে নানা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাঁটু প্রতিস্থাপন এবং হৃদযন্ত্রের স্টেন্টের ক্ষেত্রে দাম প্রায় ৭৫ শতাংশ কমানো হয়েছে। কোনও কোনও সংস্থা উপকরণ পিছু ৪০০ শতাংশ পর্যন্ত লাভ করছে বলে অভিযোগ উঠেছিল।
অ্যাবোট ল্যাবরেটরিস, বোস্টন সায়েন্টিপিক কর্পোরেশন, জনসন অ্যান্ড জনসনের মতো আমেরিকার সংস্থা এদেশে চিকিৎসার উপকরণের ব্যবসা করে। সরকারের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণার পরই সংস্থাগুলি তাদের প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, সরকারের এই পদক্ষেপে সংস্থাগুলির গবেষণা, উদ্ভাবন বাধাপ্রাপ্ত হবে। একইসঙ্গে ভবিষ্যতের বিনিয়োগেও প্রভাব পড়বে।
আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের এক আধিকারিক জানিয়েছেন, তারা ভারতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ওপর মূল্য বেধে দেওয়ার বিরোধিতা করছেন। একইসঙ্গে আমেরিকার যে সব সংস্থা বাজার থেকে পণ্য তুলে নিতে চায়, সে ব্যাপারে অনুমতি দেওয়ারও আবেদন করেছে।

গতমাসেই ভারত সরকার দেশে চিকিৎসার উপকরণ নিয়ে ব্যবসা করা সংস্থাগুলি ওপর ব্যবসা বন্ধ করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করে। বাজারে চিকিৎসার উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। উদাহরণ স্বরূপ, অ্যাবোট জানিয়েছে ভারত সরকার স্টেন্টের জন্য যে মূল্য বেধে দিয়েছে তা দিয়ে তাদের পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়। যদিও ভারত সরকার অ্যাবোটের আবেদন বাতিল করে দিয়েছে। বিষয়টি নিয়ে তাদের চিন্তা ব্যক্ত করেছে আমেরিকা।
বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া মেলেনি ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের তরফেও।
মে মাসে ইউএস কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য ভারতকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায়।












Click it and Unblock the Notifications