বিহার মহাজোটের আলোচনা দিল্লিতে, বিজেপিকে ছেড়ে কংগ্রেসের হাত ধরছেন কুশওয়াহা
আগামী লোকসভা ভোটে বিহারের মহাজোটের অংশ হতে কংগ্রেসের হাত ধরতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়াহা।
এনডিএ ছেড়েছেন আগেই। এবার আগামী লোকসভা ভোটে বিহারের মহাজোটের অংশ হতে কংগ্রেসের হাত ধরতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়াহা। এদিন বিকেলে দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে বিহারের বিজেপি ও জেডিইউ বিরোধী দলগুলি একযোগে বৈঠক করবে। সেখানে কুশওয়াহা শিবির বদলের ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

কংগ্রেস নেতা সদানন্দ সিং বলেছেন, আমার মনে হয় রাহুল গান্ধী বিভিন্ন দলের নেতাদের ডেকেছেন বিহারের লোকসভা আসন বণ্টন নিয়ে প্রাথমিক আলোচনার জন্য। কুশওয়াহা নিজে জানিয়েছেন, রাহুল গান্ধী আগের চেয়ে অনেক পরিণত নেতা হয়েছেন এবং পরের ভোটে নরেন্দ্র মোদীকে সরিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম যোগ্য দাবিদার।
কিছুদিন আগে এনডিএ জোট থেকে বেরিয়ে এসে বিজেপি ও জেডিইউ-কে তোপ দাগেন উপেন্দ্র কুশওয়াহা। বিশেষ করে নীতীশ কুমার বিহারের প্রেক্ষাপটে কিছুই করছেন না বলে জানান। বিজেপিও ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছে বলে অভিযোগ করেন। যার ফলে দল ছাড়তে হয়েছে কুশওয়াহাকে।
এমনকী বিহারের এনডিএ-র আর এক সঙ্গী লোক জনশক্তি পার্টিকে জোট ছেড়ে মহাজোটের অংশ হতে অনুরোধ জানিয়েছেন কুশওয়াহা। রামবিলাস পাসোয়ানের এলজেপি লোকসভায় ৬টি ও রাজ্যসভায় একটি আসনের দাবি জানিয়েছে। এর কমে হলে এনডিএ ছেড়ে বিরোধী জোটে অংশ নিতে পারে পাসোয়ানের দল।












Click it and Unblock the Notifications