Madhya Pradesh: কিশোরকে জুতো চাটতে বাধ্য করা, বেল্ট দিয়ে মার, শিউরে ওঠার মতো ঘটনা ছতরপুরে
Madhya Pradesh: পরপর দুটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ছতরপুরে। একটি ঘটনায় এক ১৭ বছরের কিশোরকে জুতো চাটতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিকে বেল্ট দিয়ে মারধরের ঘটনায় চারজনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ।
প্রথম ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছতরপুরের ছত্রশাল এলাকায়। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ নম্বর ধারায় (অশ্লীলতা) ও ১১৫ নম্বর (কাউকে আঘাত করা) ধারায় মামলা রুজু করা হয়েছে। একাদশ শ্রেণির ছাত্রের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের অভিযোগ, তাঁকে মারধর করা হয় ও জুতো চাটতে বলা হয়। দশেরার শোভাযাত্রা চলাকালীন তাদের মধ্যে বচসা বাঁধে, সেখান থেকেই ঘটনার সূত্রপাত। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তল্লাশি শুরু করে (Madhya Pradesh) ।
সামনে আসা একটি ভিডিয়োতে দেখা যায়, প্রথমে ওই ১৭ বছরের কিশোরকে জুতো চাটানো হচ্ছে, তারপর ওই কিশোর পাল্টা ঘুষি মারছে। ঘটনাটি ওই কিশোর বাড়িতে জানানোর পরই অভিযোগ দায়ের হয়। সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।
দ্বিতীয় ঘটনাটিও ছতরপুরের। সেই নৃশংসতার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা ভাইরাল হতেই তীব্র অস্বস্তিতে পুলিশ প্রশাসন। আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। ছতরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম সিং জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ও ১১৫ ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া, তফশিলি জাতি ও উপজাতি আইনেও ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে। পুলিশের বক্তব্য, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তদের খোঁজ চলছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বেল্ট হাতে দাঁড়িয়ে আছে। আদিবাসী ব্যক্তিকে পোশাক খুলতে বলা হচ্ছে। এরপর অভিযোগকারী তার শার্ট ও প্যান্টের বোতাম খুলে ফেলছে। এভাবে কেন হেনস্থা করা হল ওই ব্যক্তিকে, তা এখনও স্পষ্ট নয়। চার ব্যক্তির পরিচয়ই বা কী, তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। উৎসবের মরশুমে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন একের পর এক এই ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications