গোলওয়ালকরকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন! মোদী মন্ত্রিসভা নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের
উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় হাউসে আরএসএসের প্রশংসা করেছেন। যা নিয়ে প্রধান বিরোধী কংগ্রেস-সহ অনেকেই আপত্তি করেছে। ধনখড়ের প্রশংসার পরেই তৃণমূল মোদী মন্ত্রিসভা নিয়ে বিস্ফোরক দাবি করেছে।
রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন দাবি করেছেন, নরেন্দ্র মোদী মন্ত্রিসভার ১০ মন্ত্রীর মধ্যে সাতজন আরএসএস থেকে এসেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সম্পর্কেও তিনি ওই একই মন্তব্য করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ডেরেক ও'ব্রায়েন দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সংগঠনের দ্বিতীয় সরসঙ্ঘচালক এমএস গোলওয়ালকারকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এব্যাপারে তিনি প্রকাশিত একটি নিবন্ধও শেয়ার করেছেন। যা তিনি কয়েকমাস আগে লিখেছিলেন।
পাশাপাশি তিনি কংগ্রেস নেতা জয়রাম রমেশের একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে তিনি আরএসএসের সমালোচনা করেছেন।
ডেরেকের নিশানায় আরএসএস
ডেরেক ও'ব্রায়েন তাঁর ব্লগে শেয়ার করা একটি নিবন্ধে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সরকারের ১০ জন মন্ত্রীর মধ্যে সাতজনই সংঘ পরিবার থেকে এসেছেন। দশজনের মধ্যে চারজন রাজ্যপাল আরএসএসের প্রাক্তন প্রচারক এবং সহযোগী সংস্থার স্বেচ্ছাসেবক বলেও দাবি করেছেন তিনি। এছাড়া বিজেপি শাসিত বারো রাজ্যের মধ্যে আট রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও স্বেচ্ছাসেবক, বলেছেন তিনি।
ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেছেন. সৈনিক স্কুলগুলি চালানোর জন্য দশটির মধ্যে ছয়টিকে আরএসএসের অনুমোদিত সংস্থাগুলিকে দেওয়া হয়েছে।
MODI TRYING TO OUTDO RSS's GOLWALKAR. Reupping the column I wrote a few months agohttps://t.co/Q4iaRAof1f https://t.co/g2YZx6Hzhh
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 1, 2024
আরএসএসের ইতিহাস
ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেছেন আরএসএস নিজেদেরকে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে রেখেছিল। মহাত্মা গান্ধী ১৯৩০-এর দশকে যখন লবন সত্যাগ্রহ শুরু করেছিলেন, তখন আরএসএসের প্রতিষ্ঠাতা হেডগেওয়ার ঘোষণা করেছিলেন, তাদের সংগঠন ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবে না। তিনি আরও বলেছেন, স্বাধীনতার পরে ভারত সরকার তিনবার আরএসএসকে নিষিদ্ধ করেছিল।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরএসএসে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে। যার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। সেই নিষেধাজ্ঞা ছিল ৪৪ বছরের পুরনো।












Click it and Unblock the Notifications