চরমে ক্ষোভ, মুখ্যমন্ত্রী পদ থেকে কেন ইস্তফা প্রশ্ন করতেই ত্রিবেন্দ্র যা বললেন....
চরমে ক্ষোভ, মুখ্যমন্ত্রী পদ থেকে কেন ইস্তফা প্রশ্ন করতেই ত্রিবেন্দ্র যা বললেন....
বিজেপি শাসিত রাজ্যেও রাজনৈতিক সংকট। অবাক গোটা দেশে। কী এমন ঘটল যে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হল উত্তরাখণ্ডে। রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার পর সকলে সে প্রশ্নই করেছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে। জবাবে বিজেপি নেতা যা বললেন তাতে স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর পদত্যাগে হাত রয়েছে দিল্লির শীর্ষ নেতাদের। ত্রিবেন্দ্র বলেছেন জিজ্ঞাসা করুন দিল্লিকে। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে আসার পরের দিনই পদত্যাগ করেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

সূত্রের খবর তাঁর বিরুদ্ধে অন্য বিজেপি বিধায়করা নালিশ ঠুকেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ত্রিবেন্দ্রর কাজ করার ধরনে অনেক বিজেপি বিধায়কই আপত্তি জানিয়ে এসেছিলেন নাড্ডাদের কাছে। তারপরেই গত ৮ মার্চ তাঁকে দিল্লিতে ডেকে পাঠান জেপি নাড্ডা। ৯ মার্চ দিল্লিতে গিয়ে নাড্ডার সঙ্গে বৈঠক করেন ত্রিবেন্দ্র। সেখান থেকে ফিরে আসার পরেই ত্রিবেন্দ্রর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনা সত্যি করে মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ রাজভবনে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
তারপরে সাংবাদিক বৈঠক করে ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, দল তাঁকে অত্যন্ত গুরু দায়িত্বা দিয়েছিল। তিনি কখনও ভাবেননি এতো গুরুত্ব পূর্ণ পদে বসবেন। স্বাভাবিক ভাবেই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কেন তাহলে তিনি পদত্যাগ করলেন। তার জবাবে ত্রিবেন্দ্র বলেন, এই প্রশ্নের উত্তর দিল্লিতে বিজেপি নেতৃত্বকে জিজ্ঞাসা করুন। কারণ সব সিদ্ধান্তই সঙ্ঘবদ্ধ ভাবে নেওয়া হয়ে থাকে। সূত্রের খবর ১১ তারিখেই নতুন মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে শপথ নেবেন। তবে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডের এই পরিস্থিতি অবশ্যই বিজেপিকে অস্বস্তিতে ফেলবে।












Click it and Unblock the Notifications