Tripura Elections 2023: ত্রিপুরায় তৃণমূলের 'বাংলা মডেল'! ইস্তেহারে লক্ষ্মীর ভান্ডার-সহ ১০ অঙ্গীকার
ত্রিপুরায় অর্ধেকের কম আসনে লড়াই করেন ক্ষমতার আশা দেখছে তৃণমূল কংগ্রেস। ভোটে জিতলে একাধিক প্রতিশ্রুতির কথা ইস্তেহারে উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস।
সোমবার ভোটপ্রচারের ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেরদিন বিকেলে আগরতলায় দলের তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা। ইস্তেহারে ত্রিপুরায় বাংলা মডেলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ত্রিপুরায় তৃণমূলের বেঙ্গল ডেভেলপমেন্ট মডেল
ত্রিপুরা বিধানসভার জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে তৃণমূল বলেছে, তারা রাজ্যের উন্নয়নে বেঙ্গল ডেভেলপমেন্ট মডেল অনুসরণ করবে। তারা বলেছে উত্তর-পূর্বের এই রাজ্যে সিপিআইএম-এর অপশাসন শেষ হওয়ার পরেও বিজেপি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।
আগরতলায় করা সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেছএন, বিজেপির ভিশন ডকুমেন্ট বিশ্বাসঘাতকতায় পূর্ণ ছিল। সেখানে তৃণমূলের ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উন্নয়ন মডেলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এব্যাপারে তারা ১০ অঙ্গীকার করেছে।
উল্লেখ করা প্রয়োজন ত্রিপুরায় তৃণমূল ৬০ টি আসনের মধ্যে ২৮ টি আসনে প্রার্থী দিয়েছে। সরকার গড়তে গেলে অন্তত ৩১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এব্যাপারে ত্রিপুরায় তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল রাজ্যে নির্বাচন পরবর্তী জোট বিবেচনা করতে পারে।
ইস্তেহারে লক্ষ্মীর ভান্ডার, সমব্যথী, রূপশ্রী
ত্রিপুরায় তৃণমূলের ইস্তেহারে পশ্চিমবঙ্গে চালু লক্ষ্মীর ভান্ডার, সমব্যথী, রূপশ্রী প্রকল্পকে স্থান দেওয়া হয়েছে। তারা বলছে এইসব প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করা হবে। তৃণমূলের দাবি তারাই ত্রিপুরায় মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি করে সর্বজনীন মৌলিক আয় নিশ্চিত করতে পারবে।
সংস্কৃতি ও পর্যটনে জোর
ইস্তেহারে ত্রিপুরায় সাংস্কৃতিক ঐতিহ্যকে ত্রিপুরার গর্ব বলে মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, পুরার সংস্কৃতি এবং পর্যটন ব্যবস্থাকে বিশ্ব দরবারে সমাদৃত হওয়ার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে তারা। তারাই ত্রিপুরার অনন্য সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করে নতুন রূপে ফুটিয়ে তুলতে পারবে বলে দাবি করেছে।
ত্রিপুরায় শিল্পোন্নয়ন
শিল্পোন্নয়ন ঘটিয়ে তারাই ত্রিপুরায় অর্থনৈতিক ভিত মজবুত করতে পারবে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
জীবনযাত্রার অধিকার
তৃণমূলের দাবি, ত্রিপুরাবাসীর সুস্থ জীবনযাত্রার অধিকার সুনিশ্চিত করতে তারাই পারবে। ত্রিপুরায় জলের কলের সংযোগ, বিদ্যুতের প্রাপ্যতা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সার্বিকভাবে নাগরিক পরিকাঠামোর অগ্রগতিতে তারা প্রস্তুত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
স্বাস্থ্য পরিষেবা
তৃণমূলের দাবি, তারাই সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে পারবে।
নিরাপত্তার আশ্বাস
ইস্তেহারে ত্রিপুরায় তৃণমূলের তরফে নিরাপদ ও সুরক্ষিত জীবন উপহার দেবে বলে দাবি করা হয়েছে।
কৃষকদের পাশে
ত্রিপুরায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে তারাই কৃষকদের ভরসাস্থল হয়ে উঠবে বলে ইস্তেহারে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
স্বচ্ছ্ব সরকারের প্রতিশ্রুতি
ত্রিপুরায় দুর্নীতি এবং অপশাসন দূর করে, সরকারের স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠায় প্রস্তুত তৃণমূল। তাদের দাবি কল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে জনগণের মধ্যে তারাই আস্থা ফিরিয়ে আনতে পারবে।
সবার জন্য শিক্ষা
স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথীর মতো প্রকল্প রূপায়ণ ও শিক্ষায় পরিকাঠামোগত উন্নয়ন তারা করবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি
কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থিক সহায়তার মাধ্যমে স্বনির্ভর ত্রিপুরা তারা গড়ে তুলবে বলে ইস্তেহারে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications