নোট বাতিল বিতর্কে ফের রাষ্ট্রপতির কাছে দরবার করবে তৃণমূল কংগ্রেস
নোট বাতিল ইস্যুতে যেনতেন প্রকারে কেন্দ্রের বিজেপি সরকারকে নাস্তানাবুদ করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই বুধবার ফের একবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল।
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : নোট বাতিল ইস্যুতে যেনতেন প্রকারে কেন্দ্রের বিজেপি সরকারকে নাস্তানাবুদ করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর তাই বারবার নোট বাতিল ইস্যুতে বিজেপির বিরুদ্ধে নয়াদিল্লি সহ নানা জায়গায় নিত্যদিন বিক্ষোভ দেখাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর সহ অন্য তৃণমূল নেতারা।
এদিনও নয়াদিল্লিতে তৃণমূল সাংসদরা নোট বাতিল ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কেন বিজেপির কোনও নেতা-মন্ত্রীকে চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করা হবে না সেই নিয়েও প্ল্যাকার্ড লিখে তা গলায় ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা।

এর পাশাপাশি জানা গিয়েছে, নোট বাতিল ইস্যুতে আগামিকাল বুধবার ফের একবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। কেন এখনও নোট বাতিলের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে, সেই বিষয়টি দলের তরফে রাষ্ট্রপতিকে জানানো হবে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারি প্রসঙ্গে রাষ্ট্রপতির কাছে তৃণমূল নালিশ জানায় কিনা সেটাই এখন দেখার। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল বহুদিন ধরে অভিযোগ করে আসছে। সেই প্রেক্ষিতেই রাষ্ট্রপতির কাছে তাপস বা সুদীপের গ্রেফতারি নিয়ে তৃণমূল দরবার করে কিনা সেটাও এখন দেখার।












Click it and Unblock the Notifications