কেন্দ্রীয় বাজেট ২০২০ :' একঘেয়ে স্লোগানের পুনরাবৃত্তি', রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে দাবি কংগ্রেসের
সিএএ থেকে শুরু করে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি প্রসঙ্গে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তারপরই কংগ্রেস এদিনের বাজেট অধিবেশনের শুরুতে রামনাথ কোবিন্দের ভাষণকে 'একঘেয়ে' তকমা দিয়ে নিশানা তাক করে।

'একঘেয়ে ভাষণ'
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এদিন বলেন, 'যা আমরা শুনেছি তা ক্লান্তিকর পুরনাবৃত্তি একঘেয়ে স্লোগানের।' কংগ্রেসের দাবি, গত কয়েক বছরে যার মানে হারিয়েছে সেই সমস্ত বক্তব্য রাষ্ট্রপতি নিজের বক্তব্যে তুলে ধরছেন। এদিন এনডিএ সরকারকে রাষ্ট্রপতির দেওয়া দরাজ সার্টিফিকেটের বার্তাকে এভাবেই কটাক্ষ করেছে 'হাত' শিবির।

'ম্যাক্রো ইকোনমিক্স' নিয়ে কোনও বার্তা নেই!
চিদাম্বরম এদিন প্রশ্ন তোলেন যে, রাষ্ট্রপতি বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন, অথচ ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে একটি বর্ণও তিনি বলেননি। চিদাম্বরমের দাবি, 'ম্যাক্রো ইকোনমিক্স ' ছাড়াও দেশে বাড়তে থাকা বেকারত্ব , কাজ হারানো মানুষ, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে কোনও কথাই নিজের ভাষণে বলেননি রাষ্ট্রপতি।

ভারতের বিভিন্ন প্রকল্প নিয়ে বক্তব্য কই?
এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যে আগামী দিনে ভারতে আসন্ন প্রজেক্ট ও বিনিয়োগ নিয়ে সেভাবে কোনও বক্তব্য উঠে আসেনি। আর অধিবেশন যখন বাজেট নিয়ে, তখন তাতে কেন এই প্রসঙ্গগুলো উঠে আসছে না , তা নিয়ে প্রশ্ন তোলেন পি চিদাম্বরম।












Click it and Unblock the Notifications