অটল বিহারী বাজপেয়ীর সবচেয়ে পছন্দের মিষ্টি কি ছিল জানেন
কানপুরের একটি মিষ্টির দোকান খুব পরিচিত। নাম 'ঠগ্গু কে লাড্ডু'। সেই দোকানের লাড্ডু সবচেয়ে প্রিয় ছিল অটল বিহারী বাজপেয়ীর।
মধ্যপ্রদেশে জন্ম হলেও উত্তরপ্রদেশের সঙ্গে বরাবরই গভীর সম্পর্ক ছিল অটল বিহারী বাজপেয়ীর। জীবনের অনেকটা সময় তিনি এই রাজ্যে কাটিয়েছেন। কানপুরের একটি মিষ্টির দোকান খুব পরিচিত। নাম 'ঠগ্গু কে লাড্ডু'। সেই দোকানের লাড্ডু সবচেয়ে প্রিয় ছিল অটল বিহারী বাজপেয়ীর। বরাবরই ভোজনরসিক বাজপেয়ী এই লাড্ডু খেতে খুব পছন্দ করতেন। বৃহস্পতিবার তাঁর প্রয়াণের পর স্মৃতিচারণায় জানিয়েছেন দোকানের মালিক থেকে কর্মচারীরা।

দোকানের তৃতীয় প্রজন্ম এই মুহূর্তে মালিকানা ভোগ করছে। তাঁদেরই একজন আদর্শ পাণ্ডে জানিয়েছেন, বাজপেয়ী নিজে বহুবার এই দোকানে এসেছেন। তাঁর সঙ্গে কোনও নেতা-কর্মী দেখা করতে গেলেও ঠগ্গু কে লাড্ডু-র দোকান থেকে মিষ্টি নিয়ে যেতেন। তা বড়ই প্রিয় ছিল বাজপেয়ীর।
এই মিষ্টির দোকানের নাম ও পরিচয় নিয়ে নানা গল্প রয়েছে। বলিউড সিনেমা 'বান্টি অউর বাবলি'-তে এই লাড্ডুর দোকানের দৃশ্য রয়েছে। জানা গিয়েছে, দোকানের প্রথম মালিক রাম অবতার পাণ্ডে নতুন গিমিক দিতে চেয়েছিলেন। তাই অদ্ভুত নাম দেন দোকানের। হিন্দিতে ঠগ্গু শব্দের অর্থ ঠগ বা জোচ্চোর। যদিও সুনামের সঙ্গে এই দোকান ছয় দশকের বেশি সময় ব্যবসা করে আসছে। তবে নামের কারণে খুব তাড়াতাড়ি দোকানটি পরিচিতি পেয়ে যায়। ঠিক সেটাই চেয়েছিলেন রাম অবতার।
'Thaggu ke Laddu' a sweet shop in Kanpur was often visited by former PM #AtalBihariVajpayee. Owner says, 'whenever BJP leaders in Kanpur used to go to meet him they would get laddoos packed for him. He loved food.' (16.08.18) pic.twitter.com/eNpoYRxRKW
— ANI UP (@ANINewsUP) August 17, 2018
একেবারে শুরুতে রাস্তায় প্লেটে করে লাড্ডু বিক্রি করতেন রাম অবতার। পরে দোকান দেন। সেই দোকানই এত পরিচিত হয়ে ওঠে যে দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী অবধি লাড্ডুর টানে সেখানে ছুটে গিয়েছেন।
প্রসঙ্গত, দোকানের লাড্ডু তৈরি হয় খোয়া, সুজি ও আরও বেশ কয়েকটি সামগ্রীকে মিশিয়ে। তার মধ্যে দেওয়া হয় কাজু, পেস্তা, বাদাম ইত্যাদি। দাম পড়ে কেজি প্রতি ৪২০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। কানপুরের বড়া চৌরাহায় এই দোকান সবার পাশাপাশি বাজপেয়ীরও খুব পছন্দের ছিল।












Click it and Unblock the Notifications