Telangana Assembly Election 2023: দল ৪০ টি আসন জিতলেই তেলেঙ্গানায় সরকার! দাবি বিজেপি বিধায়কের
Telangana Assembly Election 2023: বৃহস্পতিবার সকাল সাতটা থেকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। তারই মধ্যে বিজেপির তরফে বড় দাবি করা হয়েছে। রাজ্যে দলের একমাত্র বিধায়ক টি রাজা সিং দাবি করেছেন, ইতিমধ্যেই বিআরএস বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে।
রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদায়ী বিজেপি বিধায়কের দাবি যদি সত্যি হয়, তাহলে তেলেঙ্গানায় নতুন সমীকরণের ইঙ্গিত। কেননা এবার তেলেঙ্গানায় মূল প্রতিদ্বন্দ্বিতা বিআরএসের সঙ্গে কংগ্রেসের। বিজেপি সেখানে তৃতীয় শক্তি। ইতিমধ্যে বেশ কিছু এক্সিট পোলে বলা হয়েছে, কংগ্রেস এবার ক্ষমতায় আসতে পারে অর্থাৎ বিআরএসকে ক্ষমতার বাইরে যেতে হবে।

সেই কারণেই ভোট না মিটতেই আলোচনা শুরু হয়েছে বিআরএস তেলেঙ্গানায় বিজেপির সঙ্গে আসতে পারে। প্রয়োজনে কংগ্রেসকে রুখতে উভয়ে একসঙ্গে সরকার তৈরি করতে পারে।
এদিন গোশামহলের বিজেপি প্রার্থী ও বিদায়ী বিধায়ক টি রাজা সিং বলেছেন, বিআরএসের বিধায়ক ও নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিজেপি যদি চল্লিশটি আসন জিততে পারে, তাহলে বিআরএসকে নিয়ে সরকার গঠন হবে।
বিজেপি নেতা আসাদউদ্দিন ওয়েইসি এবং তাঁর ভাইকে আক্রমণ করে বলেছেন, তেলেঙ্গানায় তাঁদের কোনও প্রভাব নেই। পাশাপাশি নিজের জয় সম্পর্কে তিনি বলেছেন, মোদী ও যোগী আশীর্বাদ রয়েছে, তিনি টানা তৃতীয়বারের জয় পাবেন।
টি রাজা সিং একটা সময় বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সালে তিনি টিডিপির তরফে পুর কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। পরে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে গোশামহল আসন থেকে জয়ী হন। এবারও তিনি ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।












Click it and Unblock the Notifications