মোদী-শাহের কাজ করতে নেমেছেন প্রশান্ত কিশোর! মমতাকে নিশানা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের
মোদী-শাহের কাজ করতে নেমেছেন প্রশান্ত কিশোর! মমতাকে নিশানা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের
মুম্বইয়ে শারদ পাওয়ারকে পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন করেছিলেন, ইউপিএ (UPA) কোথায়। একটি মাত্র রাজনৈতিক দল ছাড়া কার্যত কংগ্রেসের (Congress) আর কোন অস্তিত্বকেই মানতে চাননি তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। কংগ্রেস বিজেপির (BJP) বিরুদ্ধে সক্রিয় নয় বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিবৃতি দিলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)।

অবস্থান স্পষ্ট করুন
ভূপেশ বাঘেল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি কি ক্ষমতায় থাকা লোকেদের সঙ্গে লড়াই করে তৃণমূল,কে প্রধান বিরোধী করতে চান, নাকি বিরোধী দলগুলির সঙ্গে লড়াই করে। মুম্বইয়ে ইউপিএ-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার জেরেই এই প্রতিক্রিয়া সনিয়া গান্ধীর অন্যতম সেনাপতির। তিনি কটাক্ষ করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পরে সেরকম কিছুই বললেন না, আর পরে তিনি কংগ্রেসকে আক্রমণ করলেন। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনরা বিষয়বস্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনছেন না, সেই প্রশ্ন করেছেন বাঘেল।
কংগ্রেস ছাড়া বিরোধী জোট সম্ভব নয়
মমতা বন্দ্যোপাধ্যায়ই হোন, কিংবা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন, তৃণমূলকে প্রধান বিরোধী হিসেবেই তুলে ধরতে চাইছেন। বলছেন, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। তাদের ভোট কুশলী প্রশান্ত কিশোর বলছেন, কংগ্রেস গত ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে পরাজিত হয়েছে। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভূপেশ বাধেল বলেছেন, জাতীয় পর্যায়ে কংগ্রেসকে ছাড়া কোনও বিরোধী জোটই সম্ভবপর নয়। কেননা তারাই বিজেপি বিরোধী অন্যতম স্তম্ভ, মন্তব্য করেছেন বাঘেল।

বিরোধী জোটের মুখ ঠিক করবেন সনিয়াই
ভূপেশ বাঘেল বলেছেন, ২০২৪-এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী জোটের মুখ কে হবেন, তা ইউপিএ-র বৈঠক করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন সনিয়া গান্ধী।
বাঘেল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী হতে চাইছেন। সেটা ভাল কথা। পাশাপাশি তিনি (মমতা) যদি এর পরেও অন্য কোনও পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগোতে চান, তার জন্য তাঁকে স্বাগত। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে লড়াই করেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থানে যেতে চাইছেন, নাকি বিরোধীদের সঙ্গে লড়াই করে।

বিজেপিকে সাহায্য করতেই পদক্ষেপ
গোয়ার মতো কিছু রাজ্যে তৃণমূল ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়েছে। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে বাঘেল বলেছেন, তিনি (মমতা) বিজেপিকে সাহায্য করতে চান। গোয়ায় তাদের কোনও শক্তি নেই, তাও গোয়ায় লড়াই করতে নেমেছেন, বিরোধী ভোটকে ভাগ করতে চাইছেন, কটাক্ষ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর।

প্রশান্ত কিশোরকেও নিশানা
প্রশান্ত কিশোর দিন কয়েক আগে রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে পাল্টা তিনি ভোটকুশলীকেও নিশানা করেন। তিনি বলেছেন, প্রশান্ত কিশোর যা কিছু করেন, সব টাকার জন্য। তা তিনি বিজেপি, কংগ্রেস, তৃণমূল কিংবা জেডিইউ- যার হয়েই কাজ করুন না কেন। তাঁকেই (প্রশান্ত কিশোর) এখন স্পষ্ট করতে করতে হবে কার হয়ে কাজ করছেন। কেননা নরেন্দ্র মোদী, অমিত শাহরা কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে পারেননি, এবার সেই কাজ করতে নেমেছেন প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications