Manipur Incident: তিন মাস অনেকটা সময়! মণিপুর নিয়ে শুনানিতে কেন্দ্রের প্রতি তীব্র অসন্তোষ সুপ্রিম কোর্টের
Manipur Incident: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভাইরাল ভিডিও সম্পর্কিত আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, উত্তর-পূর্বের রাজ্যে হিংসা শুরু হওয়ার পর এটাই মহিলাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের একমাত্র উদাহরণ নয়। প্রসঙ্গত ঘটনাটি ঘটে ৪ মে।
প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন, সেখানে পুলিশ ১৪ দিন ধরে কী করছিল? মণিপুরে যৌন নিপীড়নের শিকার হয়ে নতুন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দুই নিপীড়িত মহিলা। প্রধান বিচারপতি বলেন, এই ভিডিওটি মহিলাদের ওপরে হামলার একমাত্র ঘটনা নয়। স্বরাষ্ট্র সচিবের দায়ের করা হলফনামায় একাধিক উদাহরণের কথা বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সুপ্রিম কোর্টের প্রশ্ন ঘটনাটি ৪ মে ঘটলেও ১৮ মে কেন এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এই ১৪ দিন পুলিশ কী করছিলয কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এদিন বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে, ইতিমধ্যে তিনমাস সময় চলে গিয়েছে।
শীর্ষ আদালতের তরফে কেন্দ্র ও রাজ্য সরকারকে এব্যাপারে দায়ের করা এফআইআর সম্পর্কে বিষদ বিবরণ দিতে বলেছে। পাশাপাশি সেখানকার জাতিগত সংঘর্ষে ঘরবাড়ি হারানোদের নিয়ে তদন্ত এবং পুনর্বাসনের জন্য গৃহীত পদক্ষেপের বিবরণও চেয়েছে সুপ্রিম কোর্ট।
এদিন প্রধান বিচারপতি ছয় হাজার এফআইআরের বিভাজন নিয়ে প্রশ্ন করেন। এইসব এফআইআরের মধ্যে কটি শূন্য এফআইআর, কটি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রের কাছে পাঠানো হয়েছে, কতজন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে, কতজন হিংসায় জড়িত, সেই সংক্রান্ত প্রশ্ন তিনি করেন।
প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেন, ৩ মে যখন থেকে কুকি ও মেইতেইদের মধ্যে হিংসা শুরু হয়, তখন থেকে মহিলাদের ওপরে হামলার কটি এফআইআর দায়ের করা হয়েছে? আবেদনকারীদের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল বলেন, তারা এই ঘটনায় সিবিআই তদন্ত চান না। পাশাপাশি তারা মামলাটি রাজ্যের বাইরে স্থানান্তর করা হোক তাও চান না।
প্রসঙ্গত গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে দেওয়া হয়েছে। সিবিআই মামলা গ্রহণ করার পরে আনুষ্ঠানিকভাবে এফআইআরও দায়ের করেছে।
মণিপুর নিয়ে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, তার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এছাড়াও বাকি দুই বিচারপতি হলেন, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।












Click it and Unblock the Notifications