৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার খুলল শ্রীনগরের জামা মসজিদের দরজা
বুধবার প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছিল শ্রীনগরের মসজিদের দরজা।
শ্রীনগর তথা কাশ্মীরের পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির পথে। অগাস্টের ৫ তারিখ সেখান থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বন্ধ ছিল জামা মসজিদ। তারপর থেকে কেটে গিয়েছে ১৩৫ দিন। বুধবার প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছিল মসজিদের দরজা। এই ঘটনা থেকেই পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি উন্নতির পথে।

বুধবার বিকেলে খোলা হয়েছিল মসজিদের দরজা। মসজিদ কর্তৃপক্ষ দুপুর ১ টা নাগাদ আজানের পর নাউহাট্টায় মসজিদের দরজা খুলে দেন। ফলে ১.৩০ নাগাদ নমাজে অংশ নেন প্রায় ২০০ মানুষ।
তবে এই সময় পুলিশ এবং আধাসামরিক বাহিনী মসজিদের বাইরে ছিল। মসজিদের ইমাম জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় কর্তৃপক্ষ মসজিদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিন মসজিদ খোালা রাখা হয়েছিল দুপুর ২.৩০ পর্যন্ত।
২০ ডিসেম্বর শুক্রবার কি মসজিদের দরজা খোলা থাকবে, প্রশ্নের উত্তরে ইমাম জানিয়েছেন, সেদিনই সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণভাবে শুক্রবারের নমাজের নেতৃত্ব দেন হুরিয়ত নেতা মিরওয়াজ ওমর ফারুক। কিন্তু ৫ অগাস্ট থেকে তিনি গৃহবন্দী রয়েছেন।












Click it and Unblock the Notifications