মুসলিম মেয়েদের ফাঁদে ফেললেই নিরাপত্তা-কর্মসংস্থান! একনজরে শ্রীরাম সেনার লাভ জিহাদের 'হিন্দু-ভার্সান'
শ্রীরাম সেনা হিন্দু মেয়েদের লাভ জিহাদ নিয়ে সতর্ক করেছেন। কুফল নিয়ে বলেছেন নানা কথা।
লাভ-জিহাদ শব্দটির সঙ্গে আমরা কমবেশি পরিচিত। দেশের গেরুয়া বাহিনী যা প্রয়োগ করে থাকে মুসলিম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে। তবে শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিকের একটি মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। যেখানে তিনি হিন্দু যুবকদের উদ্দেশে বলেছেন, মুসলিম মেয়েদের ফাঁদে ফেলতে। আর তা যদি তারা করতে পারে, তাহলে নিরাপত্তা ও কর্মসংস্থানের আশ্বাসও তিনি দিয়েছেন।

লাভ জিহাদের কুফল
শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিক কর্ণাটকের বাগালকোটে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, হিন্দু মেয়েরা লাভ জিহাদের মাধ্যমে শোষিত হচ্ছে। পরিস্থিতি এখনও আগের মতোই রয়ে গিয়েছে। তিনি বলেছেন, সারা দেশে হাজার হাজার হিন্দু মেয়ে ভালবাসার মাধ্যমে প্রতারিত হয়। সেব্যাপারে হিন্দুদের সতর্ক থাকতে আহ্বান করেছেন তিনি।

হিন্দু যুবকদের কাছে আহ্বান
প্রমোদ মুথালিক হিন্দু যুবকদের কাছে আহ্বান জানিয়ে বলেছেন, তাঁরাও জানেন কীভাবে মেয়েদের ফাঁদে ফেলতে হয়। তিনি বলেছেন, যদি লাভ জিহাদের মাধ্যমে একটি হিন্দু মেয়ে 'হারিয়ে' যায়, তাহলে দশটি মুসলিম মেয়েকে সেই ফাঁদে ফেলা উচিত। যদি কোনও যুবক তা করেন, তাহলে শ্রীরাম সেনা তাঁর পিছনে থাকবে। সেই যুবকের দায়িত্ব, সব ধরনের নিরাপত্তা এবং কর্মসংস্থানের আশ্বাস শ্রীরাম সেনা দেবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শ্রীরাম সেনার দায়িত্ব
শ্রীরাম সেনার দায়িত্ব সম্পর্কেও সচেতন করেছেন প্রমোদ মুথালিক। তিনি বলেছেন, তারা লাভ জিহাদের কুফল নিয়ে হিন্দু মেয়েদের সতর্ক করতে চাইছেন। তিনি বলেছেন, সারা দেশে শত শত মেয়েকে হারিয়েছেন হিন্দুরা। কারণ লাভ জিহাদের মাধ্যমে তাঁদেরকে শোষণ করা হয়েছে বলে অভিযোগ মুথালিকের। সেই কারণে মেয়েদের সতর্ক করার দায়িত্ব নিতে হবে, বলেছেন তিনি।

বিধানসভা নির্বাচনে লড়াই
আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিক। কারকালা কেন্দ্র থেকে তিনি লড়াই করতে পারেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications