গীতাঞ্জলি এক্সপ্রেসে খাবারের মান নিয়ে প্রশ্ন করায় সমাজকর্মীকে নিগ্রহ IRCTC কর্মীদের
গীতাঞ্জলি এক্সপ্রেসে যাত্রীদের জন্য সরবরাহকৃত খাবারের "কম পরিমাণে ও বেশি দামে" বিক্রির অভিযোগ ঘিরে গুরুতর অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কেন্দ্রে রয়েছেন সমাজকর্মী সত্যজিৎ বর্মণ। তিনি অভিযোগ করেছেন, আইআরসিটিসি কর্মীরা তাকে এক ঘণ্টারও বেশি সময় ধরে পণবন্দি করে রাখে, তার মোবাইল কেড়ে নেয় এবং শারীরিকভাবে নিগ্রহ করে।
ঘটনার জেরে কল্যাণ জিআরপি আইআরসিটিসির কর্মী রঞ্জিত বেহেরা, সুমন করণ এবং আরও পাঁচজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পরবর্তীতে মামলা বদনেরা জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে, যেহেতু ঘটনাটি তাদের এলাকায় ঘটেছে সেই জন্যে।

যা জানা যাচ্ছে, অম্বরনাথের বাসিন্দা সমাজকর্মী সত্যজিৎ বর্মণ হাওড়া থেকে মুম্বই যাওয়ার জন্যে গত ৬ এপ্রিল গীতাঞ্জলি এক্সপ্রেসে চড়েছিলেন। ট্রেনটি যখন বদনেরার কাছে পৌঁছায়, তখন তিনি কিছু যাত্রীর সঙ্গে প্যান্ট্রি কার কর্মীদের তর্ক-বিতর্ক লক্ষ্য করেন।
তিনজন যাত্রী - মাইদুল মল্লিক, আশিকুল হক ও নজরুল শেখ - অভিযোগ করেন, প্যান্ট্রি কর্মীরা নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ খাবার সরবরাহ করছেন এবং বেশি মূল্য নিচ্ছেন। সত্যজিৎ বর্মণ বিষয়টি যাচাই করতে গেলে তাকে বলা হয় খাবারের পরিমাণ যাচাই করার জন্য প্যান্ট্রি কারে যেতে।
সত্যজিৎ বর্মণ অভিযোগ করেন, প্যান্ট্রি কারে প্রবেশ করার পরই তাকে যাত্রীদের উসকানি দেওয়ার অভিযোগে আটকে ফেলা হয়। তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে জোর করে বসিয়ে রাখা হয়। অপর তিন যাত্রীকেও হুমকি দিয়ে বগিতে ফেরত পাঠানো হয়। এরপর যাত্রীদের একজন আরপিএফ হেল্পলাইনে ফোন করে সাহায্য চান। রেল পুলিশ এসে সত্যজিৎ বর্মণকে উদ্ধার করে।
ঘটনার পরেরদিন, ৭ এপ্রিল, বর্মণ কল্যাণ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। জিআরপির সিনিয়র ইন্সপেক্টর পণ্ডারিনাথ কান্দে জানিয়েছেন, বিষয়টি বদনেরা জিআরপির আওতাধীন হওয়ায় তারা মামলাটি সেখানকার কাছে হস্তান্তর করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আইআরসিটিসি-র খাদ্য পরিষেবা ও যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। নিয়মিত রেলযাত্রীরা দাবি তুলেছেন, অকস্মিক তদন্ত ও পরিষেবার মান যাচাই করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই ঘটনা প্রসঙ্গে।












Click it and Unblock the Notifications