তৃণমূল ক্রমে একা হচ্ছে গোয়ায়! ভিড় বাড়ছে কংগ্রেসের পাশে
তৃণমূল ক্রমে একা হচ্ছে গোয়ায়! ভিড় বাড়ছে কংগ্রেসের পাশে
গোয়ায় (Goa) বিজেপি (BJP) ও তৃণমূলের (Trinamool Congress) মোকাবিলায় এবার কংগ্রেসের (Congress) পাশে শিবসেনা (Shiv Sena)। দলের সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) গোয়ার বিধানসভা (Goa Election 2022) নির্বাচন নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। সেখানেই মহারাষ্ট্র সরকারে থাকা মহা বিকাশ আঘাধির (MVA) মতো জোট তৈরির বিষয়েও আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে সঞ্জয় রাউত।

গোয়াতেও মহারাষ্ট্রের মতো জোটের সম্ভাবনা
টুইটে সঞ্জয় রাউত বলেছেন, গোয়ায় আগামী বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেসের দীনেশ গুণ্ডুরাও, দীগম্বর কামাত এবং গিরিশ চোদানকারের সঙ্গে শিবসেনার জীবন কামাত এবং জীতেশ কামাতের বৈঠক হয়েছে। মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাধির মতোই গোয়াতেও এমন জোট তৈরি করা যা কিনা সেই বিষয়টি আলোচনায় উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি। ওই বৈঠকে তিনি নিজেও উপস্থিত ছিলেন।

গোয়া সফরে সঞ্জয় রাউত
মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাধির জোটের তিন বড় দলের মধ্যে বিরোধিতা থাকলেও আপাত দৃষ্টিতে তা প্রকাশ্যে আসেনি। তিনটি দলই মনে করে তারা সফলভাবেই সরকার পরিচালনা করেছেন। সেই একই মতের শরিক শিবসেনা চাইছে মহারাষ্ট্রের মতো সফল জোটের ফরমুলা গোয়াতেও প্রয়োগ করা হোক। যা নিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ইতিমধ্যেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। বর্তমানে তিনি গোয়া সফরে রয়েছেন।

শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করবে গোয়ায়
গোয়ায় সাংবাদিকদের সঞ্জয় রাউত জানিয়েছেন, শিবসেনা গোয়ায় বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই কারণে জোট করে লড়াই করতে চায় তারা। কংগ্রেস নেতাদের পাশাপাশি তিনি এনসিপি নেতাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন। সেখানে আসন সমঝোতার বিষয়টি নিয়ে কথা হবে। গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে নতুন জোট গড়ে তোলার ব্যাপারেও তিনি আশাবাদী বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।

গোয়ায় সঙ্গী হারা তৃণমূল
গোয়ায় নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত কোনও প্রাক ভোট সমীক্ষায় তৃণমূলের প্রভাব ফেলার কোনও সম্ভাবনা দেখতে পায়নি বিভিন্ন সমীক্ষাকারী সংস্থা। আপ জানিয়েছে, তারা গোয়ায় তৃণমূলের সঙ্গে কোনও জোট করবে না। অন্যদিকে এখনও পর্যন্ত এমজিপিকে পাশে পেয়েছে তৃণমূল। এছাড়া, এনসিপি এবং কংগ্রেসকে ভাঙিয়ে দল ভারী করেছে কংগ্রেস। যদিও লাভু মামলেদারের মতো একাধিক নেতা আবার তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ করে দল ছাড়ার কথা জানিয়েছেন। সেই পরিস্থিতিতে গোয়ায় শিবসেনার জোট গঠনের উদ্যোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরের পরে এনসিপি এবং শিবসেনা যেমন জানিয়েছিল, তারা মহারাষ্ট্রে তৃণমূলকে জমি ছাড়বে না, এবার গোয়ায় তৃণমূলের জমি পাওয়ার আগেই কার্যত সেই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications