বন্যা ও ভূমিধ্বসে ৪ রাজ্যে ভয়াবহ পরিস্থিতি! এখনও পর্যন্ত মৃত ৫০, রয়েছে বেশ কিছু আপডেট
বন্যা ও ভূমিধ্বসে ৪ রাজ্যে ভয়াবহ পরিস্থিতি! এখনও পর্যন্ত মৃত ৫০, রয়েছে বেশ কিছু আপডেট
দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত (heavy rain) আর তার জেরে বন্যা (flood) ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু (death) হয়েছে। এছাড়াও আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত তিন দিনে উত্তরাখণ্ড (uttarakhand), হিমাচল প্রদেশ (himachal pradesh) এবং ওড়িশায় (Odisha) ৫০ জনের মৃত্যু হয়েছে।

উত্তরাখণ্ড ও হিমাচলে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি
গত দিন তিনেকের ভারী থেকে অতিভারী বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। দুই পাহাড়ি রাজ্যে গ্রামের পর গ্রাম জলে ভেসে গিয়েছে। ভেঙেছে বাড়ি। প্লাবিত হয়েছে জনপদ, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে রাস্তা। সেতু ভেঘে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, আগামী দুদিন এই দুই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। যার জেরে এই দুই রাজ্যে কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

উত্তরাখণ্ড ও হিমাচলে মৃত ও আহত অনেকে
হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত বন্যা ও ভূমিধসের কারণে গত তিন দিনে ৩৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। মান্ডি, কাংড়া, ছাম্বা জেলায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে। বন্যা কবলিত এলাকায় বাড়িঘর ভেঙে যাওয়ায় বাস্তুচ্যুত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ।
উত্তরাখণ্ডে শনিবার মেঘভাঙা বৃষ্টিতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এখনও ১০ জনের বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে। কেননা নদীর দুই কূল ভেসে যাওয়ায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত। উদ্ধারকারী দল আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছে।

ওড়িশার পরিস্থিতিও খারাপ
সাম্প্রতিক বন্যায় ওড়িশার পরিস্থিতিও বেশ খারাপ। মুষলধারায় বৃষ্টিতে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ওড়িশায় বন্যায় প্রভাবিত হয়েছেন কমবেশি প্রায় ৪ লক্ষ মানুষ। বহু মানুষ বন্যার কারণে ঘড় ছাড়তে বাধ্য হয়েছেন। বৃষ্টি ও বন্যার কারণে জল ও বিদ্যুত সরবরাহ ব্যাহত হয়েছে। বেশ কিছু পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে।

বন্যা ঝাড়খণ্ডেও
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং প্রবল বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের গালুডি ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। যে কারণে উত্তর ওড়িশার নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ডেও বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ডের রামগড়ে নলকারী নদীর জলে ভেসে গিয়েছেন কমপক্ষে পাঁচ জন। তবে জেলা প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications