ছাত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে সাহায্যে এগিয়ে এলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী
ছাত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে সাহায্যে এগিয়ে এলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী
সময় মতো অ্যাডমিট কার্ড পায়নি ছাত্র, কারনে বসা হয়নি পরীক্ষাতেও। এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সুবিচার চেয়েছিল এক ছাত্র। সেই অভিযোগের ভিত্তিতেই এবার এগিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার এমনটাই ঘটল ঝাড়খণ্ডে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নির্দেশ দিয়েছেন, যাতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখেন।

কী ঘটেছে? সম্প্রতিই এক স্কুল ছাত্রের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, সেই ছাত্রটি অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বহুকষ্টে সে পরীক্ষার ফিজ জমা করলেও সময়মতো এডমিট কার্ড পায়নি। বাকি সবাই যখন অ্যাডমিট কার্ড পেয়েছে, তখন সে পায়নি। সূচিতে নামও ওঠেনি তার। এই বিষয়টি যখন সে প্রধান শিক্ষককে জানায়, তখন তিনি বলেন পরীক্ষার আগে ওই কার্ড দিয়ে দেওয়া হবে৷ বাস্তবে অবশ্য এমনটা ঘটেনি।
পরীক্ষার আগে সেই ছাত্র অ্যাডমিট কার্ড পায়নি। প্রতিদিন স্কুলে গিয়ে এই বিষয়ে খোঁজ করলেও কোনও সদুত্তর দেননি প্রধান শিক্ষক। ছাত্রটির অভিযোগ, প্রধানশিক্ষকের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই পরীক্ষা দিতে পারেনি সে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'আমি অনেক কষ্টে ৭৭০ টাকা জোগাড় করে পরীক্ষার ফিজ দিয়েছিলাম। কিন্তু তাতে লাভ হল না। আমি জানি না কে বা কারা দায়ী, তবে আমার একটা গোটা বছর নষ্ট হল।'
স্কুলছাত্রের এই ভিডিও নিজেদের ট্যুইটার হ্যান্ডলে শেয়ার করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহিলা শাখা। সেখান থেকেই তা চোখে পড়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। ভিডিওটি দেখে হেমন্ত সোরেন সাহিবগঞ্জ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তদন্ত করার। আসলে কোন কারনে ওই ছাত্র অ্যাডমিট কার্ড পায়নি, তা খতিয়ে দেখার। রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহতোকেও বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications