সংসদ ভবনের দেওয়াল টপকে ঢোকার চেষ্টা! প্রায় আড়াই দশক পুরনো স্মৃতি উসকে আতঙ্ক রাজধানীতে
সংসদের দেওয়াল টপকে অনুপ্রবেশের চেষ্টা উসকে দিল প্রায় আড়াই দশক আগের ভয়াবহ স্মৃতি। ২০০১ সালের শেষে সংসদে জঙ্গি হামলা হয়েছিল। তা নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। শুক্রবার সকালেও ফের একবার হইচই পড়ে গেল সংসদ চত্বরে।
জানা গিয়েছে, এক ব্যক্তি গাছ ব্যবহার করে সংসদ ভবনের সীমানা প্রাচীর টপকে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢোকেন। তাকে দ্রুত নতুন সংসদ ভবনের গরুড় গেটের কাছে নিরাপত্তা কর্মীরা আটক করে।

এএনআই সূত্রে জানা গিয়েছে, এই অনুপ্রবেশকারী রেল ভবনের দিক থেকে প্রাচীর টপকে এসেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই উচ্চ-নিরাপত্তা অঞ্চলে ওই ব্যক্তি কীভাবে প্রবেশাধিকার পেলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এর আগেও সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ২০০১ সালের ১৩ ডিসেম্বর পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের জঙ্গিরা পুরনো সংসদ ভবনে হামলা চালিয়েছিল। ওই হামলায় পাঁচ জঙ্গি সহ মোট চোদ্দো জন নিহত হয়।
এরপরে ২০২৩ সালের ডিসেম্বরে, ২০০১ সালের সংসদ হামলার ২২তম বার্ষিকীতে, দুজন ব্যক্তি দর্শক গ্যালারি থেকে লোকসভা কক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস নির্গত করেন এবং সরকার-বিরোধী স্লোগান দেন।
একই সময়ে, সংসদ ভবনের বাইরে আরও দুজন ব্যক্তি একই ধরনের ক্যানিস্টার ব্যবহার করে রঙিন ধোঁয়া ছড়ান এবং স্লোগান দেন। এই ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল।












Click it and Unblock the Notifications