রাজনীতির নয়া মঞ্চ মধ্যপ্রদেশ, ফের সত্যাগ্রহের ডাক, এবার কে?
মধ্যপ্রদেশের অশান্ত পরিবেশে ঘোলা জলে মাছ ধরতে নামল কংগ্রেস। সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদে সত্যাগ্রহের ডাক। ১৪ই জুন থেকে সত্যাগ্রহে বসবেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অনশন চলাকালীনই এবার কৃষকদের মন পেতে আসরে নামল কংগ্রেস। মধ্যপ্রদেশ সরকারের কৃষক- বিরোধী নীতির প্রতিবাদে এবার সত্যাগ্রহ শুরু করতে চলেছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

আগামী ১৪ই জুন বিকেল ৩টে থেকে দশেরা ময়দানে ৭২ ঘন্টার সত্যাগ্রহে বসবেন লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক। ১২ই জুন ইন্দোর পৌঁছে আন্দোলন করতে গিয়ে আহত কৃষকদের সঙ্গে প্রথমে দেখা করবেন সিন্ধিয়া। এরপর ১৩ই জুন যাবেন মন্দসৌর। সেখানে পুলিশের গুলিতে নিহত পাঁচ কৃষকের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি মন্দসৌর, পিপলিয়া মান্ডি ও নিমচের বেশ কয়েকটি গ্রামেও যাবেন তিনি। আন্দোলনকারী কৃষকদের সঙ্গেও কথা বলবেন জ্যোতিরাদিত্য। এরপর ওইদিনই বিকেল তিনটে থেকে সত্যাগ্রহে বসবেন তিনি।
অন্যদিকে রবিবার দ্বিতীয় দিনের মাথাতেই অনশন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্যে পুনরায় শান্তি না ফেরা পর্যন্ত তাঁর অনশন চলবে বলে শনিবারই জানিয়েছেন তিনি। কিন্তু আঠাশ ঘন্টার মাথাতেই অনশন তুলে নিলেন তিনি। অনশন প্রত্যাহারের পর রাজ্য়ের সমস্ত কৃষকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে ভারতীয় কিষান সংঘ ও অন্যান্য কৃষক সংগঠনগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মন্দসৌরের ঘটনায় দোষীদের কড়া শাস্তিরও আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications