কর্নাটকে ব্রাহ্মণকে মুখ্যমন্ত্রী পদে বসানোর পরিকল্পনা RSS-এর, সঙ্গে আট ডেপুটি! প্রাক্তনীর দাবিতে শোরগোল
পরের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্য জয়ী হলে একজন ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী হবেন। সঙ্গে থাকবেন আটডন ডেপুটি। এমনটাই দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর।
গত ৫ বছরে কর্নাটকে একাধিক মুখ্যমন্ত্রী বদল দেখেছে কর্নাটক। বর্তমানে সেখানকার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। তবে তিনি কতদিন সেখানে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন, তারও নাকি নিশ্চয়তা নেই। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী দাবি করেছেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে এক ব্রাহ্মণকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছ আরএসএস।

কর্নাটকে ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী, আটজন ডেপুটি
কর্নাটকে পঞ্চরত্ন যাত্রা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এই যাত্রার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আরএসএস নয়াদিল্লিতে একটি সভা করে কর্নাটকের একজন ব্রাহ্মণকে পরবর্তী মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে তার আটজন ডেপুটি করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে, দাবি করেছেন এইচডি কুমারস্বামী। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর কাছে কর্নাটকের সম্ভাব্য আট উপমুখ্যমন্ত্রীর নামও রয়েছে। কর্নাটকের ভোটারদের কাছে তাঁর আবেদন, তাঁরা যেন আরএসএস-এর ষড়যন্ত্রের শিকার না হন।

প্রহ্লাদ যোশীকে নিশানা
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর দাবি অনুযায়ী, কর্নাটকে বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ছাড়া আর কেউ নন। প্রহ্লাদ যোশী জেডিএস-এর পঞ্চরত্ন যাত্রা নিয়ে কটাক্ষ করে নবগ্রহ যাত্রার কথা বলেছিলেন। এর প্রেক্ষিতেই প্রহ্লাদ যোশীকে নিশানা করেন এইচডি কুমারস্বামী।

প্রহ্লাদ যোশীকে কটাক্ষ
প্রহ্লাদ যোশীকে কটাক্ষ করতে গিয়ে এইচডি কুমারস্বামী বলেছেন, প্রাচীন কাল থেকে ব্রাহ্মণ দুই প্রকারের। একপ্রকার সমাজকে ভাগ করতে বিশ্বাস করে। এরা বিখ্যাত শৃঙ্গেরী সারদা পীঠকে ধ্বংস করে দেয়। প্রহ্লাদ যোশী সেই শ্রেণিভুক্ত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেছেন, মহাত্মা গান্ধীকে হত্যা করতেও এদের হাত কাঁপে না। এইসব ব্রাহ্মণদের সঙ্গে মহারাষ্ট্রের পেশোয়াদের সরাসরি যোগাযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, দ্বিতীয় প্রকারের ব্রাহ্মণরা সবাই সুখী হোক নীতিতে বিশ্বাসী।

পাল্টা কুমারস্বামীকে কটাক্ষ বিজেপির
এর পাল্টা অবশ্য এইচডি কুমারস্বামীকে কটাক্ষ করেছেন, বিজেপির সাধারণ সম্পাদক এন রবিকুমার। তিনি বলেছেন, প্রহ্লাদ যোশী যে মন্তব্য করেচেন, তা কুমারস্বামীর পরিবারের নয়জন সদস্যকে নিশানা করে, যাঁরা রাজনীতি করছেন। তিনি বলেছেন, প্রহ্লাদ যোশী নবগ্রহ শব্দ ব্যবহার করেননি। তবে পরিবারের নয়জন সদস্যের কথা বলেছেন। সেই কারণে নবরত্ন যাত্রা বলে ভুল কী বলেছেন, প্রশ্ন করেছেন বিজেপি নেতা। তিনি দাবি করেছেন, গান্ধী হত্যায় আরএসএস-এর কোনও ভূমিকা ছিল না। মহারাষ্ট্রের ব্রাহ্মণ শব্দের উত্তরে তিনি বলেছেন, সেখানেই বেশ কিছু ভাল ব্রাহ্মণ দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাঁরা হলেন বালগঙ্গাধর তিলক, বীর সাভারকার এবং গোপালকৃষ্ণ গোখলে।












Click it and Unblock the Notifications