শুধুমাত্র নাম দিয়েই রাজনীতিতে সফল হওয়া যায় না, কামালকে ঠুকলেন রজনীকান্ত
শুধুমাত্র টাকা বা নাম দিয়ে রাজনীতিতে সফল হওয়া যায় না, কামাল হাসানকে ঠুকে বললেন সুপারস্টার রজনীকান্ত
একইমঞ্চে পাশাপাশি বসেও অভিনেতা কামাল হাসানকে ঠুকতে ছাড়লেন না সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইয়ে কিংবদন্তি তামিল অভিনেতা শিবাজি গণেশনের একটি স্মৃতিসৌধের উদ্বোধনে এসে তিনি জানালেন, শুধুমাত্র টাকা বা নাম দিয়ে রাজনীতিতে সফল হওয়া যায় না। এছাড়া আরও কী প্রয়োজন তা কামাল নিশ্চই জানেন।

দক্ষিণের থালাইভা এদিন বলেন, শিবাজি গণেশন তাঁর ভক্তদের রাজনীতির একটা দুর্দান্ত পাঠ পড়িয়েছেন। নিজের কেন্দ্রেই ভোটে দাঁড়িয়ে তিনি হেরে গিয়েছিলেন। সেখান থেকেই প্রমাণ হয়, শুধুমাত্র নাম ও অর্থ দিয়ে রাজনীতিতে সফল হওয়া সম্ভব নয়। পাশেই বসে কামাল হাসান তাঁর দিকে তাকিয়ে ছিলেন। কামালকে উদ্দেশ্য করে রজনী বলেন, 'রাজনীতিতে সফল হতে হলে আরও কিছুর প্রয়োজন যা আমি জানি না। আমি আশা করি কামাল সেটা জানেন, তবে উনি জানলেও আমাকে তা বলবেন না।'

এখানেই থেমে না থাকে রজনী বলেন, 'দুমাস আগে হলেও কামাল হয়ত আমাকে সেই রসায়নটা জানাতেন, আমি তাঁকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু তিনি বললেন, আমার সঙ্গে আসুন তাহলেই বুঝতে পারবেন। '
অবশ্য রজনীকান্তের এতকিছু বলার পরও রবিবার রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করেননি 'চাচি ৪২০'। মঞ্চে বলতে উঠে তিনি শুধুই শিবাজি গণেশন সম্পর্কেই বললেন। উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগেই কামাল রাজনীতিতে আসার কথা ঘোষণা করেন। অবশ্য তিনি পৃথক দল গড়বেন নাকি বর্তমান কোনও একটি রাজনৈতিক দলে যোগ দেবেন সেবিষয়ে খোলসা করে কিছু জানাননি। তবে তিনি যে গেরুয়া নন, সেকথা স্পষ্টই জানিয়েছেন কামাল হাসান।












Click it and Unblock the Notifications