Rajasthan Assembly Election 2023: ম্যাজিক শেষ! রাজস্থানে গেরুয়া ঝড় দেখেই গেহলটকে খোঁচা শেখাওয়াতের
Rajasthan Assembly Election 2023: রাজস্থানে পালাবদল। কংগ্রেসের থেকে মরুরাজ্য ছিনিয়ে নিয়ে মসনদে বসতে চলেছে বিজেপি। লোকসভা ভোটের আগে এই পালাবদল যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের দ্বন্দ্ব চলেছে বিগত কয়েক বছর ধরে। যার মাশুল এবার দিতে হলো কংগ্রেসকে। স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেসের ৭৯টি আসন বেড়েছিল। ফলে ২০০ আসনের বিধানসভায় কংগ্রেস একাই পেয়েছিল ১০০টি আসন। ৯০টি আসন কমায় বিজেপি নেমে এসেছিল ৭৩-এ। এবার ১৯৯টি আসনে ভোট হয়েছে। আপাতত যা ফলাফল তাতে বিজেপি ১০৬টি আসন পাওয়ার দিকে এগোচ্ছে।
কংগ্রেস ৭৭টি, বহুজন সমাজ পার্টি ১টি ও অন্যান্যরা ১৫টি আসনে এগিয়ে। অশোক গেহলটকে বলা হয় ম্যাজিশিয়ান। এমনকী এগজিট পোল কিংবা পোল অব পোলসেও যখন রাজস্থানে পালাবদলের আভাস মিলেছিল, তখনও কয়েকটি সমীক্ষায় পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় ১ নম্বরে ছিলেন গেহলট। যদিও দলীয় অন্তর্দ্বন্দ্বই এই বিপর্যয়ের কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
অশোক গেহলটকে এই পরিস্থিতিতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ম্যাজিক শেষ। রাজস্থানের মানুষ আজ ম্যাজিশিয়ানে আচ্ছন্ন নন। নারীদের প্রতি সম্মান, গরিব মানুষের উন্নয়ন চেয়েই নিজেদের ভোটাধিকার করেছেন রাজস্থানের ভোটাররা। উল্লেখ্য, গেহলট ম্যাজিশিয়ান পরিবার থেকে উঠে এসেছেন। বাবাকে ম্যাজিক দেখানোর কাজে তিনি এক সময় সহায়তাও করতেন।
শেখাওয়াত আরও বলেন, মানুষকে কংগ্রের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করতে পারেনি কংগ্রেস। সে কারণেই দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে এখানকার নাগরিকরা ছুড়ে ফেলে দিলেন। শেখাওয়াত যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারপরও বিজেপির আসন বেড়ে চলেছে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ১৬৩টি আসনে, কংগ্রেস জেতে ২১টিতে। তবে সেই রেকর্ড এবার ভাঙতে পারবে না বিজেপি।












Click it and Unblock the Notifications