৫৬ ইঞ্চির ছাতি ভয় পেয়েছেন, অরুণাচলে চিনের আগ্রাসন ইস্যুতে মোদীকে নিশানা রাহুলের
৫৬ ইঞ্চির ছাতি ভয় পেয়েছেন, অরুণাচলে চিনের আগ্রাসন ইস্যুতে মোদীকে নিশানা রাহুলের
অরুণাচল প্রদেশে চনের গ্রাম তৈরি করা নিয়ে মোদী সরকারকে তীব্র নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি কটাক্ষ করে বলেছেন ভয় পেয়ে গিয়েছে ৫৬ ইঞ্চির ছাতি। ভারতের নিরাপত্তা সুরক্ষিত নয় মোদীর হাতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। গতকালই কংগ্রেসের মুখপাত্র দাবি করেছিল অরুণাচল প্রদেশে ঠিক কী ঘটছে তা কেন্দ্রের স্পষ্ট করা উচিত।

মোদীকে নিশানা রাহুলের
অরুণাচল প্রদেশে ফের আগ্রাসন শুরু করেছে চিন। অরুণাচলপ্রদেশের বিতর্কিত জমিতে নাকি আস্ত একটা গ্রাম তৈরি করে ফেলেছে বেজিং। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তা অস্বীকার করেছে। এবার এই নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন মোদীর শাসন কালে দেশের সুরক্ষা বিপন্ন হয়ে পড়েছে। চিনের কাছে ভয় পেয়েছে ৫৬ ইঞ্চির ছাতি। চিনকে নিয়ে কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে মোদী সরকার তা স্পষ্ট নয় কারোর কাছে। দেশের সুরক্ষা যেভাবে বিঘ্নিত করে চলেছে মোদী সরকার তা ক্ষমার অযোগ্য বলেও তীব্র নিশানা করেছেন তিনি। অরুণাচল প্রদেশে চিনের গতিবিধি নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং চিফ ডিফেন্স স্টাফ দুটি ভিন্ন মত দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বিপিন রাওয়াতের দাবি
গতকাল অরুণাচল প্রদেশ নিয়ে টুইটে বিপিন রাওয়াত দাবি করেছেন ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করে বেজিং গ্রাম তৈরি করে ফেলেছে এটা একেবারেই সত্য নয়। যে গ্রাম তৈরি হয়েছে সেটা চিনের সীমানার মধ্যেই। ভারতের মাটিতে পা রাখতে পারেনি বেজিং। এলএসির অপর পারেই গ্রাম তৈরি করেছে বেজিং। এদিেক আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করেছে অরুণাচল প্রদেশের বিতর্কিত জমিতে ১০০টি বাড়ি তৈরি করে আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে বেজিং। এই নিয়ে বিদেশমন্ত্রক আবার পেন্টাগনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। বিদেশমন্ত্রকের মুখপত্র দাবি করেছেন, ভারতের সার্বভৌমত্বে কোনও রকম আঘাত বরদাস্ত করা হবে না। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

কিরেন রিজিজুর দাবি
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক পেন্টাগনের কাছ থেকে তথ্য সংগ্রহের পরেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন, অরুণাচল প্রদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারেনি বেজিং। কোনও রকম চিনা গ্রামের অস্তিত্ব সেখানে নেই। মিথ্যে খবর প্রচার করছে একাধিক সংবাদ মাধ্যম। দেশের সুরক্ষা নিয়ে এই ধরনের মিথ্যে খবর প্রচার করা অপরাধ বলে পাল্টা দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য লাদাখে লালফৌজের সঙ্গে সংঘাতের পর অরুণাচল প্রদেশেও আগ্রাসন শুরু করেছিল িচন। ৫ ভারতীয়কে অপহরণ করে নিয়ে গিয়েছিল লালফৌজ। অনেক কূটনৈতিক আলোচনার পরে তাঁদের মুক্ত করা হয়।

কংগ্রেসের নিশানা
গতকাল থেকেই অরুণাচল প্রদেশ নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তীব্র নিশানা করে বলেছিলেন কেন্দ্রের উচিত অরুণাচল প্রদেশ নিয়ে দেশবাসীকে স্পষ্ট ধারনা দেওয়া। কারণ সরকারেরই একেক অংশ একেক রকম কথা বলছে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে স্পষ্ট বার্তা দিন।












Click it and Unblock the Notifications