রাঘব চাড্ডা একাধিক আপ সাংসদের বিজেপিতে যোগ, রাজ্যসভায় শক্তি হারাল কেজরিওয়ালের দল

শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান নিতিন নবিনের উপস্থিতিতে আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা, অশোক মিত্তাল এবং সন্দীপ পাঠক বিজেপিতে যোগ দিয়েছেন।

প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, স্বাতী মালিওয়াল, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহনি সহ আপ-এর আরও চারজন সাংসদ পরবর্তীতে বিজেপিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

বিজেপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে নবিনের কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করেন চাড্ডা, মিত্তাল ও পাঠক; সেখানে উপস্থিত অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

৩৭ বছর বয়সী রাঘব চাড্ডা ঘোষণা করেন, তিনি সহ আপ-এর আরও ছয়জন সাংসদ দলত্যাগ করে বিজেপিতে যাচ্ছেন। ২০১২ সালে দুর্নীতিবিরোধী মঞ্চ হিসেবে আপ গঠিত হয়েছিল।

কয়েক সপ্তাহ আগে তাকে রাজ্যসভায় আপ-এর উপনেতার পদ থেকে অপসারণ এবং সেখানে অশোক মিত্তালকে নিযুক্ত করার পর চাড্ডার এই দলবদল ঘটে। পরে মিত্তালও চাড্ডা ও পাঠকের সাথে বিজেপিতে যোগ দেন।

২০২২ সালে দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হওয়া চাড্ডা সাংবাদিকদের জানান, "সংবিধান অনুসারে, একটি দলের মোট সাংসদদের দুই-তৃতীয়াংশ অন্য একটি দলের সাথে মিশে যেতে পারে। এ বিষয়ে আমরা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে প্রয়োজনীয় নথি সহ একটি চিঠি জমা দিয়েছি।"

আপ-এর মোট ১০ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭ জন বিজেপিতে যোগ দেওয়ায় এখন উচ্চকক্ষে তাদের মাত্র সঞ্জয় সিং, সন্ত বলবীর সিং সিচেওয়াল এবং এন ডি গুপ্তা এই তিনজন সাংসদ রইলেন।

দলবদলকারী সাংসদদের সংখ্যা দুই-তৃতীয়াংশের সীমা অতিক্রম করায়, দলত্যাগ বিরোধী আইন এই ক্ষেত্রে কার্যকর হওয়ার কথা নয়।

রাঘব চাড্ডা আপ-কে আক্রমণ

আপ-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ করে রাঘব চাড্ডার অভিযোগ, দলটি তার প্রতিষ্ঠাতা আদর্শ থেকে সরে গেছে। তিনি বলেন, "গত কয়েক বছর ধরে আমি অনুভব করছিলাম যে আমি ভুল দলে সঠিক ব্যক্তি। আজ আপ ছেড়ে 'জনতার' সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার সিদ্ধান্ত ঘোষণা করছি।"

অন্যদিকে, সন্দীপ পাঠক জানান, এই বিভাজন তিনি আশা করেননি। তিনি বলেন, "১০ বছর ধরে আমি এই দলের সঙ্গে যুক্ত ছিলাম। আজ আমি আপ থেকে নিজেদের পথ আলাদা করে নিচ্ছি।"

২০১২ সালে আপ প্রতিষ্ঠার সময় থেকেই চাড্ডা দলটির সঙ্গে যুক্ত হন এবং দ্রুত কেজরিওয়ালের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে, গত এক বছরে নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কে অবনতি ঘটে।

আপ-এর বরিষ্ঠ নেতাদের অভিযোগ চাড্ডা সংসদে দলের অবস্থান নরম করে ফেলেছিলেন এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর সরাসরি আক্রমণ এড়িয়ে চলতেন।

তারা সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে নোটিশে স্বাক্ষর করতে চাড্ডার অস্বীকৃতি এবং বিরোধীদের ওয়াকআউটে অনুপস্থিতির উল্লেখ করেন। এছাড়া কেরালা, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের জন্য আপ-এর তারকা প্রচারকের তালিকা থেকেও তাকে বাদ দেওয়া হয়।

২০২৪ সালে আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারির পর চাড্ডার নীরবতা এবং বিদেশে থাকাকালীন কেজরিওয়াল জামিন পেলেও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না জানানোয় আপ তার সমালোচনা করেছিল।

আপ পাল্টা জবাব দিল

এই দলবদলের প্রতিক্রিয়ায় আপ-এর বরিষ্ঠ নেতা সঞ্জয় সিং বিজেপিকে "অপারেশন লোটাস"-এর মাধ্যমে দলত্যাগ করানোর অভিযোগ তুলেছেন। বিরোধী আইনপ্রণেতাদের দলবদল করানোর কথিত প্রচেষ্টা বোঝাতে এই শব্দটি প্রায়শই ব্যবহৃত হয়।

সঞ্জয় সিং বলেন, "আমাদের দল এই ৭ জন সাংসদের জন্য অনেক কিছু করেছে। পাঞ্জাবের জনগণ তাদের রাজ্যসভায় পাঠিয়েছিল, তবুও তারা বিজেপির কোলে গিয়ে পড়ল। পাঞ্জাবের মানুষ এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না।"

তিনি আরও অভিযোগ করেন, বিজেপি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করতে রাষ্ট্রীয় সংস্থা ও তদন্তকারী সংস্থা ব্যবহার করছে। দিল্লির নির্বাচনে বিপর্যয়ের পর পাঞ্জাবই এখন আপ-এর একমাত্র অবশিষ্ট সরকার।

একটি টুইটে কেজরিওয়াল দাবি করেছেন, ২০২৭ সালের নির্বাচনের আগে বিজেপি আবারও পাঞ্জাবের মানুষকে "বিশ্বাসঘাতকতা" করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+