আলিগড়ে থানায় আগুন লাগাল বিক্ষোভকারীরা, জ্বলল পুলিশের গাড়ি
আলিগড়ে থানায় আগুন লাগাল বিক্ষোভকারীরা, জ্বলল পুলিশের গাড়ি
আগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে আন্দোলন ক্রমেই হিংসার আকার ধারণ করছে। এই বিক্ষোভের জেরে সেকেন্দ্রাবাদে একজনের মৃত্যু হয়েছে। ২০০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। আন্দোলনের জেরে উত্তরপ্রদেশের পরিস্থিতির ক্রমেই অবনতি হয়েছে। আলিগড়ের জাট্টারি থানা ও পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে বৃহস্পতিবার থেকেই উত্তরপ্রদেশের প্রায় ছয়টি জেলাতে বিক্ষোভ শুরু হয়। স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। বিক্ষোভের জেরে রেল পরিষেবা ব্যহত হয়। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলোকে বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে একধিক ট্রেন বাতিল করা হয়।
একধিক ট্রেন দেরিতে চলে। কিন্তু ক্রমেই এই বিক্ষোভ হিংসার আকার ধারণ করে। আলিগড় ও আগ্রায় বাস লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। পাশাপাশি উত্তরপ্রদেশের বুলন্দশহর, মথুরা, ফিরোজাবাদ, বালিয়ার মতো জেলাগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের জেরে কমপক্ষে চারটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশে একটি ট্রেনে আগুন লাগানো হয়। এছাড়া বিক্ষোভাকারীরা বিহারের দুটি ট্রেনে ও তেলেঙ্গানায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেয়। জানা গিয়েছে, বিক্ষোভকারীরা দিল্লি-ভাগলপুর বিক্রমশীলা এক্সপ্রেসে আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়াও দিল্লি-দ্বারভাঙ্গা ক্রান্তি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। লক্ষীসরাই স্টেশনের রেললাইনের ওপর শুয়ে বিক্ষোভকারীরা রেল অবরোধের চেষ্টা করে।
রেল ও স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের জেরে সারা দেশে সাতটি ট্রেন ক্ষতিগ্রস্থ হয়েছে। বিক্ষোভের জেরে এখনও ৫৫টি ট্রেন বিভিন্ন জায়গায় আটকে রয়েছে। শতাধিক ট্রেনের দিক পরিবর্তন করা হয়েছে। ঘুরিয়ে ট্রেনগুলোকে গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার কেন্দ্র সরকার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের খবর আসতে শুরু করে। বিহারের মাধেপুরায় বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সাসারামে বিক্ষোভকারীদের হামলায় দুই জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেকেন্দ্রাবাদে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গুলি চালায় পুলিশ। ঘটনায় এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আট জন আহত হয়েছেন। হরিয়ানায় আগামী ২৪ ঘণ্টায় ইন্টারনেট ও মেসেজ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গুরুগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী বলেন, অগ্নিপথ প্রকল্পের অধীনে বায়ুসেনার নির্বাচন প্রক্রিয়া ২৪ জুন থেকে শুরু হবে। সেনাবাহিনী সোমবারের মধ্যে অগ্নিপথের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বলে জানা গিয়েছে। ডিসেম্বরের অধীনে নিয়োগকারীদের প্রশিক্ষণ শুরু করার পরিকল্পনা করছে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications