PM Modi on Rahul Gandhi: 'গরিবের ঘরে নিজেদের ছবি তুলতে যায়,' রাষ্ট্রপতিকে 'অপমান' বিতর্কে রাহুলকে আক্রমণ মোদীর
PM Modi on Rahul Gandhi: রাষ্ট্রপতিকে অপমান বিতর্কে রাহুল গান্ধীকে একহাত নিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সংসদে জবাবি ভাষণে কংগ্রেসকে (Congress) অলআউট আক্রমণ শানান মোদী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ভাষণ 'বোরিং' (ক্লান্তিকর) বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। রাষ্ট্রপতিকে কটাক্ষ করেন সনিয়াও। এদিন তারই পাল্টা জবাব দিলেন মোদী।
মোদীর কথায়, কংগ্রেস শুধু গরিবের বাড়িতে নিজেদের ফোটো তুলতে যায়। সংসদে মোদী বলেন, "গরিবের কুঁড়ে ঘরে যারা শুধু ছবি তুলতে যান, নিজেদের বিনোদনের জন্য শুধু ফোটো সেশন (Photo Session) করতে যান, সংসদে দরিদ্রদের নিয়ে ভাষণ তাদের বিরক্তিকরই লাগবে।" কংগ্রেস মিথ্যে মিথ্যে 'গরিবি হঠাও' স্লোগান দেয় বলেও খোঁচা দিলেন নরেন্দ্র মোদী।

গত পয়লা ফেব্রুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তাৎপর্যপূর্ণ ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাজেট অধিবেশন। যদিও তাতে বিতর্ক উসকে দেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী। বাজেট অধিবেশনের শুরুতেই বিতর্কে জড়ান কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ বিরক্তিকর বলে কটাক্ষ করেন রাহুল।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী (Sonia Gandhi) সবই মিথ্যে প্রতিশ্রুতি বলে তোপ দাগেন। ছেলের সঙ্গে সুর মিলিয়েই সনিয়া ফের বলেন, "শেষের দিকে রাষ্ট্রপতি ক্লান্ত হয়ে পড়েছিলেন। কথাই বলতে পারছিলেন না বেচারা।" ঘাড় নেড়ে মায়ের বক্তব্যে সমর্থন জানান রাহুল। রাষ্ট্রপতি একই জিনিসের পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছেন বলে দাবি করেন সনিয়া।
এর আগে দিল্লিতে জনসভা থেকে মোদী সনিয়াকে কটাক্ষ করে বলেন, "দ্রৌপদী মুর্মু আদিবাসী পরিবার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। ওঁনার মাতৃভাষা হিন্দি নয়, উড়িয়া। আজকের বাজেট অধিবেশনের ভাষণে সংসদের সকল সদস্যদের মুগ্ধ করেছেন তিনি। অথচ কংগ্রেসের শাহী পরিবার তাঁকে অপমান করতে উঠেপড়ে লেগেছে।"
মোদী বলেন, "শাহী পরিবারের এক সদস্য বলেছেন রাষ্ট্রপতি বিরক্তিকর ভাষণ দিয়েছেন। আরেক সদস্য এককাঠি উপরে উঠে রাষ্ট্রপতিকে বেচারা বলেছেন। আদিবাসী মায়ের ভাষণ ওদের ভালো লাগেনি। দেশের ১০ কোটি আদিবাসী ভাই-বোনেদের প্রতি এটা অপমান ছাড়া আর কিছু নয়।"












Click it and Unblock the Notifications