করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন, টুইটে ঘোষণা মোদীর
করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন
দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা তাঁর প্রথম কোভিড–১৯ ভ্যাকসিনের ডোজ নিলেন বলে জানা গিয়েছে। এ কথা নিজে টুইটে ঘোষণা করেন মোদী।

মোদী এদিন টুইটে জানিয়েছেন যে তাঁর মা হীরাবেন মোদী কোভিড–১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। মোদী টুইটে লেখেন, 'আনন্দ সহকারে এটা আপনাদের সকলের কাছে জানাচ্ছি যে আমার মা আজ কোভিড–১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেম। আমি সকলের কাছে আর্জি জানাচ্ছি যে আপনার চারপাশে থাকা মানুষদের অনুপ্রাণিত ও সাহায্য করুন যাঁরা এই ভ্যাকসিন নেওয়ার যোগ্য।’ গত ১ মার্চ থেকে দেশজুড়ে কোভিড–১৯ ভ্যাকসিনের দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে। এই পর্যায়ে ষাটোর্ধ্ব ও ৪৫ বছর এবং তার বেশি ও একাধিক রোগ রয়েছে তাঁরাই এই টিকা গ্রহণ করতে পারবেন।

গত ১ মার্চ দ্বিতীয় দফায় টিকাকরণের প্রথম ব্যক্তি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি দিল্লির এইমসে গিয়ে করোনার টিকা নেন। মোদীকে ভারতের তৈরি ভারত বায়োটেকের কোভ্যাকসিন দেওয়া হয়। ইতিমধ্যেই কোউইন অ্যাপে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত হচ্ছে জোর কদমে। দেশে গত ১৬ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। যেখানে ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।












Click it and Unblock the Notifications