Modi US Visit: শুল্কযুদ্ধের আবহে বজায় থাকবে সুসম্পর্ক? ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে বড় বার্তা মোদীর
Narendra Modi US visit: ২ দিনের সফরে ফ্রান্সে রওনা মোদীর (Narendra Modi)। সেখান থেকে ১২ ফেব্রুয়ারি আমেরিকা (USA) যাবেন প্রধানমন্ত্রী। আমেরিকার শুল্ক হুঁশিয়ারির আবহে এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মসনদে বসার পর এই প্রথম মার্কিন সফর মোদীর। কথা বলবেন নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও।
এদিন বিমানে ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার আগে মোদী বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ফ্রান্স থেকে দুদিনের সফরে আমেরিকায় যাব। বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠকও করব। জানুয়ারিতে ট্রাম্পের ঐতিহাসিক শপথের পর এটাই হবে আমাদের প্রথম বৈঠক। ট্রাম্পের প্রথম মেয়াদে একসঙ্গে দারুণ কাজ করেছি আমরা। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কও সুদৃঢ় হয়েছিল সেবারে।"

২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন মোদী। ২০২৫ এও ট্রাম্পের নতুন শাসনকালে দু'দেশের সুসম্পর্কের ধারা বজায় থাকবে বলে আশাবাদী মোদী। এদিন রওনা দেওয়ার আগে মোদী আরও জানান, এবারের মার্কিন সফরে ট্রাম্পের প্রথম মেয়াদে ভারত ও আমেরিকার যৌথভাবে নেওয়া পদক্ষেপের সাফল্য নিয়ে আলোচনা করা হবে। একইসঙ্গে আগামিদিনে এই বন্ধুত্ব আরও মজবুত করার প্রয়াস নেওয়া হবে।
মোদী জানান, প্রযুক্তি থেকে ব্যবসা বাণিজ্যে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সহাবস্থান আরও সুদৃঢ় করা হবে। জোর দেওয়া হবে প্রতিরক্ষা, শক্তি উৎপাদন ও সাপ্লাই চেনেও। দুই দেশেরই বাসিন্দারাই যাতে উপকৃত হন, সেই লক্ষ্য নিয়েই একসঙ্গে কাজ করা হবে। গোটা বিশ্বের শান্তির কথা ভেবেই উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে ভারত ও আমেরিকা।
দুই দিন ফ্রান্সে থাকবেন নরেন্দ্র মোদী। প্যারিসে এআই সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে সহ সভাপতিত্ব করবেন মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন তিনি। সোমবার প্যারিসে পৌঁছনোর পর প্রেসিডেন্টের তরফে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদী। প্রথম বিশ্বযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানাবেন দুই রাষ্ট্রপ্রধানও। ১২ ফেব্রুয়ারি সেখান থেকে মার্কিন সফরে যাবেন মোদী।












Click it and Unblock the Notifications