কেন্দ্রে বিজেপি সরকারের ৯ বছর পূর্তি: যেসব লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদী
9 Years of Modi Govt: ঘটা করে কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তির অনুষ্ঠান হচ্ছে। সামনেই অবশ্য কঠিন লড়াই। ২০২৪-এর সাধারণ নির্বাচন। গত নয় বছরে কেন্দ্রের সরকার জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প সফলভাবে চালিত হয়েছে। আবার বেশ কিছু প্রকল্পে লক্ষ্য পূরণ করতে পারেনি সরকার। সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।
ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল প্রতিটি পরিবারের জন্য পাকা বাড়ি। দারিদ্রসীমার নিচে থাকা দেশবাসীর জন্য ২০১৫ সালে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। যার লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যে শহর ও গ্রামীণ এলাকায় প্রতিটি পরিবারকে পাকা বাড়ি দেওয়া। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সেই সময়সীমা ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

২০২১-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, এই প্রকল্প চালুর সময় গ্রামীণ ভারতে ২.৯৫ কোটি পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু ২০২১ পর্যন্ত সেখানে ১.৬৫ কোটি তৈরি করা গিয়েছে।
প্রত্যেকের পাকা বাড়ির মতোই ২০১৫-র সেপ্টেম্বরে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ২০২২-এর মে নাগাদ দেশের প্রত্যেক বাড়িতে ২৪ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাবে। সরকারের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও দেশের সব বাড়িতে ২৪ ঘন্টা বিদ্যুৎ দূরে থাক অনেক গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭-তে বলেছিলেন ২০২২ সাল নাগাদ দেশের কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে। সময়সীমে পেরিয়ে গেলেও কৃষ।কদের আয় দ্বিগুণ হয়নি। এরই মধ্যে কেন্দ্রীয় বাজেটে কৃষিতে বার্ষিক বরাদ্দ কমানো হয়েছে। আগের বছরের ১.১২৪ লক্ষ কোটি টাকা থেকে তা কমে হয়েছে ১.১৫ কোটি টাকা।

২০১৭-র ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মুম্বই ও আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২২-এর ১৫ অগাস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় দেশে বুলেট ট্রেন চলতে শুরু করবে। কিন্তু এই লক্ষ্যমাত্রা এখনও পূরণ করা যায়নি।
প্রধানমন্ত্রী মোদী ২০১৮-র সেপ্টেম্বরে বলেছিলেন, আগামী ৪ বছরে অর্থাৎ ২০২২ সালের মধ্যে দেশ পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিজেপির নেতারা এই প্রতিশ্রুতির কথা বিভিন্ন নির্বাচনেও প্রচার করেছেন। তবে ২০২২ শেষ হয়ে ২০২৩-এর মাঝামাঝি পৌঁছে গেলেও সেই লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি।












Click it and Unblock the Notifications