বিজেপি পশ্চিমবঙ্গে নতুন কাহিনী লিখবে! নেতা ও ভোটারদের আশ্বস্ত করলেন জেপি নাড্ডা
বিজেপি পশ্চিমবঙ্গে নতুন কাহিনী লিখবে! নেতা ও ভোটারদের আশ্বস্ত করলেন জেপি নাড্ডা
বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে (National Executive Committee Meeting) উঠে এল পশ্চিমবঙ্গে (West Bengal) প্রসঙ্গ। রাজ্যের বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে সন্ত্রাসের অভিযোগ করেন। দলের প্রধান জেপি নাড্ডা (JP Nadda) বিজেপি নেতা ও সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে নতুন কাহিনী লিখবে।

রাজ্যে বিজেপির অস্বস্তি
গত বিধানসভা ভোটে বারে বারে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ডায়মন্ডহারবার যাওয়ার পথে আমতলার কাছে তাঁর গাড়ির ওপরে হামলাও হয়েছিল। বিজেপির স্লোগান ছিল ইসবার ২০০ পার। কিন্তু বিজেপি তিন অঙ্কের কাছাকাছে পৌঁছতে পারেনি। এমন কী ৭৭ আসনে জয়ের পরেও বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে গিয়েছেন। অন্যদিকে উপনির্বাচনে তৃণমূলের কাছে দুটি আসন হারিয়েছে গেরুয়া শিবির। ভোট বিশেষজ্ঞরা বলছেন, বামেদের যে ভোট বিজেপিতে গিয়েছিল তা ফিরতে শুরু করেছে। তারপরেই দীর্ঘদিন বিজেপির সঙ্গে থাকা জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন। তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত করেছেন তিনি। পাশাপাশি জাতীয় কর্ম সমিতির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে রাজ্যে দলের পরিস্থিতি নিয়ে আক্রমণ শানিয়ে যাচ্ছেন তথাগত রায়।

বিজেপি নতুন কাহিনী লিখবে
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি দলের কর্মী ও সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে নতুন কাহিনী লিখবে। তবে তিনি দলের নেতাদের টার্গেট পূরণ করতে বলেছেন। তিনি বলেছেন, ২৫ ডিসেম্বরের মধ্যে বুথ পর্যায়ের কমিটি গঠন করে ফেলতে হবে। তিনি বলেছেন, প্রতি বুথে মন কি বাত শোনার জন্য লোকের জমায়েত করতে হবে।

ভোট বেড়েছে বিজেপির, দাবি নাড্ডার
জেপি নাড্ডা এদিন দাবি করেছেন, সাধারণ নির্বাচন হোক কিংবা পঞ্চায়েত প্রত্যেকটি ভোটে বিজেপির ভোট বেড়েছে। এমন কী জম্মু ও কাশ্মীরের বিজেপির পরিস্থিতি যথেষ্টই ভাল বলে দাবি করেছেন তিনি। ৩৭০ ধারা তুলে দেওয়ার পরে রাজ্যে উন্নতির দাবি করার পাশাপাশি দেশে ১০০ কোটি ডোজ টিকাকরণের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন কেন্দ্রের স্বাস্থ্যও কৃষি প্রকল্পগুলির কথাও তুলে ধরেন।

বৈঠকে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা
যেসব নেতা পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যেমন স্বপন দাশগুপ্ত, অনুপম হাজরা, কৈলাশ বিজয়বর্গীয় এদিন ছিলেন শ্রোতার আসনে। এছাড়াও শ্রোতার আসনে ছিলেন ক্যাবিনেট মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এলকে আডবানী এবং মুরলি মনোহর যোশীর মতো নেতারা বৈঠকে হাজির হয়েছিলেন ভার্চুয়ালি। বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির জাতীয় কর্ম সমিতির ১২৪ জন সদস্য।












Click it and Unblock the Notifications