Hotels for Unmarried: অবিবাহিত প্রেমিক যুগলদের আর ঘর ভাড়া নয়, বড়সড় নিয়ম বদল হোটেলগুলিতে
Hotels for Unmarried: হোটেলে অবিবাহিতদের ঘর পাওয়ার ক্ষেত্রে বড় ধাক্কা। এবার থেকে অবিবাহিত প্রেমিক যুগলদের (Unmarried Couples) ঘর দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় অ্যাপবেসড ট্রাভেল বুকিং সংস্থা ওয়ো (OYO)। নতুন বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে তারা। প্রথমে মীরাট (Meerut) শহরে চালু করা হবে এই নিয়ম।
সংস্থার তরফে জানানো হয়েছে, ঘর বুক করার সময় এবার থেকে পারস্পারিক সম্পর্কের বৈধ নথি চাওয়া হবে। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রেও তা চাওয়া হবে। পার্টনার হোটেলগুলিকে এব্যাপারে ইতিমধ্যেই অবগত করা হয়েছে। স্থানীয় স্তরে সামাজিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে পার্টনার হোটেলগুলিকে সংস্থার তরফে ইতিমধ্যেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিবাহিত যুগলদের কোনওভাবেই ঘর না দেওয়া হয়।

সংস্থার মতে, এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিংহভাগ মানুষ। তাই মীরাটের পর আগামিদিনে দেশের অন্যান্য শহরেও খুব শীঘ্রই এই নিয়ম লাগু করা হবে। নাগরিক সমাজের তরফে তাদের কাছে বারবার অভিযোগ আসছিল বলে জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, মীরাট বাদেও অন্যান্য শহর থেকেও নাগরিকরা হোটেলে অবিবাহিত যুগলদের ভাড়া না দেওয়ার জন্যে অনুরোধ করছিলেন। সেইমতো এবার থেকে অবিবাহিত যুগলদের আর হোটেলের রুম দেওয়া হবে না।
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার উত্তর ভারতের প্রধান জানান, নিরাপত্তার দিক নিয়ে আমরা উদ্বিগ্ন। ব্যক্তি স্বাধীনতার সঙ্গে সাযুজ্য রেখেই নাগরিক সমাজের মতামতকেও গুরুত্ব দিতে অবিবাহিতদের এবার থেকে ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হবে ও এর প্রভাবও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।
এবার থেকে দীর্ঘদিনের বুকিং ও রিপিট বুকিংয়ের ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। পরিবার, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, পুণ্যার্থী বা সোলো ট্রাভেলের ক্ষেত্রেও বুকিংয়ে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু অবিবাহিত যুগলদের ক্ষেত্রে বুকিং নেওয়া হবে না বলেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি।
গ্রাহকদের আস্থা ভরসা বাড়াতেও এমন উদ্যোগ বলে জানানো হয়েছে তাদের তরফে। প্রসঙ্গত, নিরাপদ অতিথি আবাসের বিষয়ে পুলিশ ও হোটেলগুলির সঙ্গে সেমিনার আয়োজন করেছে সংস্থাটি। যেখানে অবৈধ কাজকর্মে উৎসাহ প্রদান করা হয় এমন হোটেলগুলিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications