কাশ্মীরের বুদগামে পরপর জঙ্গি হামলা সিআরপিএফ-এর উপর, শহিদ এক আধাসেনা অফিসার
বুদগাম জেলার চাদুরা এলাকায় সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের উপর হামলা জঙ্গিদের। ঘটনায় সিআরপিএফ-এর একজন এএসআই শহিদ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এদিন সকালে নিরাপত্তারক্ষী বাহিনীর প্যাট্রোল পার্টির উপর জঙ্গিরা এই হামলা চালালে ঘটনাটি ঘটে। শহিদ অফিসারের নাম নু বাদোলে। তিনি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ছিলেন।

আচমকা নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানদের উপর হামলা
জানা গিয়েছে, টহল দেওযার সময় আচমকা নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে জওয়ানরাও। তবে ঘটনায় শহিদ হন এএসআই বাদোলে। তাঁর সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

বুধবারও সিআরপিএফ-এর উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা
প্রসঙ্গত, বুধবারই বুদগাম জেলার এই চাদুরা এলাকাতেই সিআরপিএফ-এর উপর হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় জখম হয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই এলাকা ঘিরে রাখা হয়। সেই মতোই এদিন টহল চলছিল এলাকায়। এর আগে ২১ সেপ্টেম্বর বুদগামেরই ছরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে এক জওয়ান জখম হন।

অবন্তীপোরায় নিকেশ জঙ্গি
এদিকে এদিনই এক পৃথক ঘটনায় জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার মাঘামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির। এখনও গুলির লড়াই চলছে। ত্রাল অবন্তীপোরার মাঘামা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে। সেই খবর পেয়ে পুলিশ ও সিআরপিএফ মাঘামা এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালীন নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে।












Click it and Unblock the Notifications