Manipur Situation: মণিপুর উত্তাল, বিজেপিকে কড়া চিঠি এনপিপি-র, বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার
Manipur Situation: অপহৃত মহিলা ও শিশুদের খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ মণিপুর। বিধায়কের বাসভবনেও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা।
আজ মণিপুরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক। তার আগে ধাক্কা খেল এন বীরেন সিং সরকার।

বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল ন্যাশনাল পিপলস পার্টি। উত্তর-পূর্বের এই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনপিপির সর্বভারতীয় সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা।
সাংমা মণিপুর সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে কড়া চিঠি পাঠালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় বিজেপির উপর প্রবল অসন্তোষ ব্যক্ত করেছেন সাংমা।
নাড্ডাকে লেখা চিঠিতে সাংমা উল্লেখ করেছেন, মণিপুরে পরিস্থিতি ফের খারাপ হয়েছে। প্রচুর নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। মণিপুরের নাগরিকদের জনজীবনেও নেমে এসেছে প্রবল দুর্দশা। এন বীরেন সিং সরকার সমস্যা মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সম্পূর্ণভাবে ব্যর্থ।
সেই পরিস্থিতিতেই এনপিপি মণিপুর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করছে বলে নাড্ডাকে জানিয়ে দেন সাংমা। মণিপুরে সাত বিধায়ক রয়েছেন এনপিপির। তাঁরা হলেন শেখ নুরুল হাসান (ক্ষেত্রিগাঁও), খুরাইজাম লোকেন সিং (ওয়াঙ্গই), ইরেংবাম নলিনী দেবী (ওইনাম), থঙ্গম শান্তি সিং (মৈরাং), মায়াংলাম্বেন রামেশ্বর সিং (কাকচিং), এন কায়িসি (তাদুবি) ও জাঙ্ঘেমলাং পানমেই (তামেংলং)।
তবে এনপিপি সমর্থন প্রত্যাহার করে এন বীরেন সরকারের পতনের সম্ভাবনা নেই। তার কারণ, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৩২টি আসনে। এনপিপি জেতে ৭টিতে। কংগ্রেসের পাঁচটি-সহ বাকিরা জেতে ২১টি আসন।
পরবর্তীকালে জনতা দল (ইউনাইটেড)-এর ৫ বিধায়ক বিজেপিতে যোগ দেন। ফলে বিজেপির দখলে রয়েছে ৩৭টি আসন, যা ম্যাজিক ফিগার ৩১-এর চেয়ে অনেক বেশি। নাগা পিপলস ফ্রন্টের ৫, জে়ডি (ইউ)-এর ১ ও তিন নির্দল বিধায়কেরও সমর্থন রয়েছে বিজেপির সঙ্গে।












Click it and Unblock the Notifications