প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে তাড়াহুড়ো করছেন মোদী, মত রামদেবের

একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় বড্ড তাড়াহুড়ো করছেন নরেন্দ্র মোদী। ওঁর একটু সংযম দেখানো উচিত ছিল। মানুষ হিসাবে উনি ভালো, সংশয় নেই। কিন্তু তড়িঘড়ি কোনও কাজ করা উচিত নয়। বিজেপি শেষবেলায় প্রধানমন্ত্রী পদে ওঁর নাম ঘোষণা করায় এই অবস্থা। আমি ওদের অন্তত ছ'মাস আগে বলেছিলাম, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে, যাতে তাড়াতাড়ি ভোটের প্রচার শুরু করা যায়। কিন্তু সেটা হয়নি।"
যোগগুরুর অভিযোগ আরও অভিযোগ, "সব বিজেপি প্রার্থীর যদি স্বচ্ছ ভাবমূর্তি থাকত, তা হলে ভালো হত। পার্টি নিজে কিছু ভুলভাল লোককে প্রার্থী করেছে। কিছু ক্ষেত্রে শরিকরা চাপাচাপি করেছে। দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিরুদ্ধে আমরা নীতিগত এবং রাজনীতিক লড়াই চালিয়ে যাব।"
বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তো অরবিন্দ কেজরিওয়াল ভোটে দাঁড়াচ্ছেন? আপনি কিছু বলবেন?
এবার রামদেবের চাঁছাছোলা জবাব, "অরবিন্দ কেজরিওয়াল মানসিক ভারসাম্য হারিয়েছেন। ওঁর জামানত জব্দ হবে। সেটা যদি হয়, তা হলে ওঁর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে উনি কংগ্রেসের কর্মসূচি সফল করতে চাইছেন। সোনিয়া আর রাহুল গান্ধীর দুর্নীতি নিয়ে একটাও কথা বলেন না।"
ওয়াকিবহাল মহলের মতে, অনুগামী নিশিকান্ত যাদবকে বিজেপি পাটলিপুত্র আসনে টিকিট দিক, এটা চেয়েছিলেন বাবা রামদেব। কিন্তু সেই অনুরোধ বিজেপি না রাখায় এখন চটেছেন তিনি। ফলে সুযোগ পেলেই রামদেব হালকাভাবে দলের সমালোচনা করছেন।












Click it and Unblock the Notifications