হিন্দু দেবদেবী নিয়ে বিতর্ক, কলকাতায় শো করতে আসছেন মুনাওয়ার ফারুকি
জোক্সে হিন্দু দেবদেবী নিয়ে বিতর্ক, কলকাতায় শো করতে আসছেন মুনাওয়ার ফারুকি
তাঁর বিরুদ্ধে অভিযোগের সংখ্যা কম নয়। এফআইআর হয়েছে, শ্রীঘরেও থাকতে হয়েছে সংবেদনশীল বিষয়ে লোক হাসিয়ে৷ তবে এতে দমে যাননি, ফের নিজের শো নিয়ে হাজির বিতর্কিত কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। এবার কোনও বিজেপি শাসিত রাজ্য নয়। জানা গিয়েছে, আগামী বছরের শুরুতেই কলকাতায় পারফর্ম করবেন মুনাওয়ার৷

জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি কলকাতায় পারফর্ম করতে আসবেন মুনাওয়ার। শনিবার এই স্ট্যান্ড আপ কমেডিয়ান এই শোয়ের পোস্টার পোস্ট করেন। 'ধান্ধো' নামক এই শো মহানগরের কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও জানা যায়নি। 'বুক মাই শো' থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট দু'টি শো করবেন মুনাওয়ার। প্রতিটি টিকিটের দাম ৭৯৯ টাকা। সবচেয়ে বড় কথা, ওয়েবসাইটটি জানাচ্ছে এই শোয়ের টিকিট খুব তাড়াতাড়িই শেষ হতে চলেছে।
২০২০ সাল থেকেই বিতর্কের একেবারে কেন্দ্রে মুনাওয়ার ফারুকি। গতবছর তাঁর বিরুদ্ধে হিন্দু দেবদেবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে শো-চলাকালীনই গ্রেফতার হন তিনি৷ ইন্দোরের বিজেপি বিধায়কের ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন মুনাওয়ার। সনাতন ভাবাবেগে আঘাত দেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
তবে এখানেই শেষ নয়৷ চলতি বছরে গুজরাটে শো করতে চেয়েছেন তিনি। সেখানেও বজরং দলের হুঁশিয়ারির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সম্প্রতি বেঙ্গালুরুতে শোয়ের সমস্ত আয়োজন করেও প্রশাসনের কাছ থেকে অনুমতি পাননি। দক্ষিণপন্থী সংগঠনদের হুঁশিয়ারির মুখে তাঁকে পারফর্ম করতে দেয়নি বেঙ্গালুরু প্রশাসন৷ শো বাতিল হওয়ার পর ভেঙে পড়তে দেখা গিয়েছিল মুনাওয়ারকে। তিনি বলেছিলেন, শো-টির ৬০০র বেশি টিকিট বিক্রি হয়ে গেছিল। সেই শো কিনা বাতিল করা হল শোয়ের স্থানটিতে ভাঙচুরের হুমকি পাওয়া গেছে বলে। শো থেকে প্রাপ্ত অর্থ প্রয়াত কন্নড় তারকা পুনিথ রাজকুমারের চ্যারিটেবল ট্রাস্টে দেওয়ার কথা ছিল আমার।
মুনাওয়ার জানিয়েছিলেন, একই কারণে গত দু'মাসে তাঁর ১২টি শো বাতিল হয়েছে৷ এই কারণে স্ট্যান্ড আপ কমেডি ছাড়ার কথাও বলতে শোনা গিয়েছিল তাঁকে। তিনি বলেছিলেন, 'আমার নাম মুনাওয়ার ফারুকি। আমার সময় শেষ হয়েছে৷ আপনারা আমার আসাধারণ দর্শক ছিলেন। বিদায়, আমার পালা শেষ।'
তবে সেসব পেরিয়ে ফের পারফর্ম করতে চলেছেন মুনাওয়ার। এবার কোনও বিজেপি শাসিত রাজ্যে নয়। দেশের বিজেপি বিরোধিতার অন্যতম আঁতুড়ঘর গড় কলকাতায়।












Click it and Unblock the Notifications