১৫৬ কোটির বেশি ভ্যাকসিন ডোজ, মহামারি মোকাবিলায় একবছর পূর্ণ দেশের টিকাকরণ অভিযানের
১৫৬ কোটির বেশি ভ্যাকসিন ডোজ, মহামারি মোকাবিলায় একবছর পূর্ণ দেশের টিকাকরণ অভিযানের
একবছর আগে ২০২১ সালের ১৬ জানুয়ারি করোনা ভাইরাস মারণ রোগের বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল ভারতে। আর দেখতে দেখতে এই বছর সেই কর্মসূচি একবছরে পদার্পণ করে ফেলল। প্রথম টিকাকরণ কর্মসূচিতে স্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন কর্মারা কোভিড–১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। এরপর এই টিকাকরণ ভারতে অন্যান্য বয়সের নাগরিক, একাধিক রোগে আক্রান্ত ব্যক্তি ও অবশেষে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা জনসংখ্যার মধ্যেও শুরু হয়ে যায়। এখন তো ১৫ থেকে ১৭ বছর বয়সীদের দেশে করোনার টিকা দেওয়ার কাজ চলছ।

আসুন দেখে নেওয়া যাক এই এক বছরে ভারতের টিকাকরণ কর্মসূচি নিয়ে কিছু আকর্ষণীয় তথ্য
- শনিবার পর্যন্ত দেশে মোট ১৫৬ কোটির ওপর ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সেই সংখ্যাটি হল ১৫৬,৭৬,১৫,৪৫৪।
- এর মধ্যে দেশের মহিলারা রয়েছে ৭৬ কোটির ওপর অর্থাৎ এখনও পর্যন্ত ৭৬,১১,৬৪,৯৯৩ জনকে ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
- দেশের ৬৫ কোটি সুবিধাভোগী (৭০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক জনসংখ্যা) সম্পূর্ণভাবে টিকা পেয়ে গিয়েছেন অর্থাৎ সংখ্যাটি হল ৬৫,২২,২২৪৮৪।
- গ্রামীণ কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্রগুলিতে এখনও পর্যন্ত ৯৯ কোটির বেশি মানুষ টিকা নিয়ে ফেলেছেন।
- এখনও পর্যন্ত দেশের ৩ লক্ষ ৬৯ হাজারের বেশি রূপান্তরকামী ভ্যাকসিন নিয়েছেন।
- ১৫-১৭ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার ১০ দিনের মাথায় দেশে ৩ কোটির বেশি শিশু তাদের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী ৩,৩১,০২,৯১১ টি ডোজ ১৫-১৭ বছর বয়সী শিশুদের ওপর প্রয়োগ করা হয়েছে।
- পরিচয় পত্র ছাড়া দেশের ৬৭ লক্ষের বেশিজনকে করোনার টিকা দেওয়া হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী সংখ্যাটি হল ৬৭,৪১,৫৭৬।
- সংশোধনাগারে টিকাকরণ কর্মসূচি চলার সময় এখনও পর্যন্ত ৬ লক্ষের বেশি বন্দিকে টিকা দেওয়া হয়েছে।
- দেশের আদিবাসী জেলাগুলিতে এখনও পর্যন্ত ১১ কোটির ওপর সুবিধাভোগী টিকা পেয়েছে অর্থাৎ ১১,৫০,৯১,৯৮৫ জন টিকা পেয়ে গিয়েছেন।
- বাড়ির কাছে কোভিড কেন্দ্রের কর্মসূচিতে ৪০ কোটির বেশি টিকাদান হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী ৩৯,৬৮,৭২৪ সেশনে ৪০,৪১,৪৬,০৯৩ ডোজ ব্যবহৃত হয়েছে।

পোস্টাল স্ট্যাম্প জারি
কেন্দ্রের পক্ষ থেকে টিকাকরণের এক বছরের কর্মসূচি উপলক্ষ্যে পোস্টাল স্ট্যাম্প জারি করা হবে। শনিবারই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কেন্দ্র সরকার কোভিড-১৯-এর বিরুদ্ধে টিকাকরণ অভিযানের এক বছর পূর্ণ হওয়ার জন্য একটি পোস্টাল স্ট্যাম্প জারি করতে চলেছে। যেহেতু গত বছরের ১৬ জানুয়ারি শুরু হওয়া রবিবার টিকাকরণ অভিযানের একবছর পূর্ণ হতে চলেছে, এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট জারি করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই পোস্টাল স্ট্যাম্পের সূচনা করবেন এবং ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য করবেন বলে জানা গিয়েছে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কৃষ্ণ এলার সঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহানও যোগ দেবেন।

প্রথম ও দ্বিতীয় ডোজ
স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে যে শনিবার, ভারতে ৫৭ লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত দেশজুড়ে ১৫৬ কোটির বেশি টিকা গ্রহণ হয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১৮ থেকে ৪৪ বছর বয়সী ব্যক্তিদের মোট ৫২,৪০,৫৩,০৬১টি প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং টিকাকরণ অভিযানের তৃতীয় কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ৩৬,৭৩,৮৩,৭৬৫টি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

দেশজুড়ে মোট টিকাকরণ হয়েছে
১৫-১৮ বছরের নাগরিকদের মধ্যে এখনও পর্যন্ত ৩,৩৬,০৯,১৯১টি ভ্যাকসিন ডোজ প্রয়োগ করা হয়েছে। সামগ্রিকভাবে দেশজুড়ে প্রথম ডোজ পেয়েছেন ৯০,৬৮,৪৪,৪১৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৫,৫১,৯৫,৭০৩ জন। ইতিমধ্যে শনিবার ভারতে টিকাকরণ ১৫৬ কোটি (১৫৬,৭৬,১৫,৪৫৪) অতিক্রম করে গিয়েছে। শনিবারই ৫৭ লক্ষের বেশি (৫৭,২৯, ৭৬০) টিকাকরণ হয়েছে এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত।












Click it and Unblock the Notifications