বিজেপি সরকার ফিরবে না! পুলওয়ামা-আদানি-মণিপুর সম্পর্কে রাহুলকে নানা কথা বললেন সত্যপাল মালিক
প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সাক্ষাৎকার নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃষক আন্দোলন, পুলওয়ামা হামলা, আদানি-সহ অনেক বিষয়ে রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দিয়েছেন সত্যপাল মালিক। সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কথোপকথন শেয়ার করার সময় রাহুল গান্ধী লিখেছেন, এই কথোপকথন কি ইডি-সিবিআই দৌড় বাড়িয়ে দেবে? প্রসঙ্গত রাহুল গান্ধীর সঙ্গে কথোপকথনের সময় সত্যপাল মালিক বলেছেন, তিনি লিখে দিচ্ছেন, মোদী সরকার ফিরবে না।

জম্মু ও কাশ্মীর নিয়ে রাহুল গান্ধী সত্যপাল মালিককে প্রশ্ন করেছেন। সেখানে তিনি বলেন, যখন সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরে ছিলেন, সেই সময় পরিস্থিতি জটিল ছিল। এব্যাপারে প্রাক্তন রাজ্যপাল বলেন, বলপ্রয়োগ বা সেনাবাহিনী দিয়ে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ঠিক করা যাবে না। মানুষের মন জয় করে যে কোনও কিছু করা যেতে পারে। তবে সমস্যার সমাধানের জন্য প্রথমেই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
সত্যপাল মালিক বলেছেন, কেন্দ্রীয় সরকার সম্ভবত জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিয়েছিল। কারণ তারা ভেবেছিল পুলিশ বিদ্রোহ করবে। কিন্তু পুলিশ সরকারের প্রতি অনুগত ছিল। ইদের মাসেও তাঁরা ছুটি নেননি। এই অবস্থায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে সেখানে নির্বাচন করানোর কথা বলেছেন তিনি।
এব্যাপারে রাহুল গান্ধী বলেছেন, তিনি যখন জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন, তখনও তিনি অনুভব করেছিলেন রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ায় মানুষ খুশি নয়। সত্যপাল মালিক বলেছেন, তিনি যখন কেন্দ্রীয় সরকারকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে বলেছিলেন, সেই সময় তারা বলেছিল সব ঠিক আছে।
পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলা নিয়ে সত্যপাল মালিক বলেছেন, তিনি বলছেন না যে কেন্দ্রীয় সরকার এটি করেছে। কিন্তু পুলওয়ামায় নিরাপত্তাকে উপেক্ষা করা হয়েছে, তারপর সেটাকে রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যবহার করা হয়েছে। বিজেপি প্রচারে বলেছে, ভোট দিতে গেলে পুলওয়ামার শহিদদের কথা মনে রাখবেন।
সত্যপাল মালিক বলেছেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানরা শহিদ হয়েছিল। তবে তার আগে তারা পাঁচটি বিমান চেয়েছিল। বিমান চাওয়ার আবেদন চারমাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রকে আটকে ছিল। সিআরপিএফ কর্মীরা তখন সেই রাস্তাটিকে অনিরাপদ বলেই মনে করেছিলেন। পুলওয়ামা হামলার জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন তিনি।
क्या ये संवाद ED-CBI की भाग दौड़ बढ़ा देगा?
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2023
पुलवामा, किसान आंदोलन और अग्निवीर जैसे महत्वपूर्ण मुद्दों पर राज्यपाल, पूर्व सांसद और किसान नेता, सत्यपाल मलिक जी के साथ दिलचस्प चर्चा!
पूरा वीडियो मेरे यूट्यूब चैनल पर देखिए। pic.twitter.com/tIGkXDRjzD
সত্যপাল মালিক বলেছেন, বিস্ফোরক বোঝাই যে ট্রাকটি সিআরপিএফের গাড়িতে হামলা করেছিল, সেটি এলাকায় ১০-১২ দিন ঘোরাফেরা করছিল। তিনি আরও জানিয়েছেন, বিস্ফোর পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে। গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী রেকর্ড থাকলেও তারা গোয়েন্দা রাডারে ছিল না।
অন্যদিকে রাহুল গান্ধী বলেছেন, তিনি যখন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন, সেই সময় তাঁকে একটি ঘরে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল।
আদানি সম্পর্কে সত্যপাল মালিক বলেছেন, সরকার ন্যূনতম সহায়ক মূল্যের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে, কারণ তারা বিশাল গোডাউন তৈরি করে সস্তায় ফসল কিনেছে। পরের বছর যখন দাম বাড়বে, সেই সময় সেগুলি বিক্রি করবে। যদি ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করা হয়, তাহলে কৃষক তাঁর পণ্য সস্তায় বিক্রি করবেন না।
মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় সত্যপাল মালিক বলেছেন, পরিস্থিতির ওপরে মণিপুর সরকারের নিয়ন্ত্রণ নেই। বিজেপি সরকার ক্ষমতায় ফিরবে না বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications