Mission 2024: বিরোধী জোটের ২৬-এর পাল্টা এনডিএ-র ৩৮! মঙ্গলেই বৈঠকে বিজেপি
২৬টি দলকে নিয়ে বিরোধী ঐক্যের বৈঠক বসছে বেঙ্গালুরুতে। মঙ্গলবার সেই বৈঠকের দিনই আরও বড়ো বৈঠকের ডাক দিল বিজেপি। এনডিএ-তে ৩৮ দলকে শামিল করে ২০২৪ লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক করতে চলেছেন জেপি নাড্ডারা। শক্তির মেগা প্রদর্শনে বিজেপি নিশ্চিত করেছে, তারা ৩৮ দলের সমর্থন নিয়ে এবার মহাযুদ্ধে নামছে।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আর এক বছরেরও কম সময় বাকি আছে। তার আগে বিরোধী দল এবং বিজেপি উভয়ই তাদের কৌশল তৈরিতে ব্যস্ত। তারা এখন মহা সংগ্রামের আগে শরিকদের কাছে পৌঁছনের চেষ্টা করছে। বিরোধীরা যখন ২৬টি দলকে এক মঞ্চে এনেছে, বিজেপি তখন ৩৮টি দলের মেগা শো করতে তৈরি।

বেঙ্গালুরুতে কংগ্রেস-তৃণমূল-আপ সম্বলিত বিরোধী জোট আর দিল্লিতে এনডিএ বৈঠকে শক্তির মেগা প্রদর্শনী দেখবে দেশ। এদিন এনডিএ-র এই মেগা শো নিয়ে এক সাংবাদিক বৈঠকে বিজেপি প্রধান জেপি নাড্ডা বলেন, এনডিএ-এর নাগাল এবং পরিধি কয়েক বছর ধরে বেড়েছে। তা কতটা বেড়েছে, সেটাই আমরা দিল্লিতে দেখাব মঙ্গলবার।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এনডিএর-র বহর আগের তুলনায় বিস্তৃত হয়েছে নরেন্দ্র মোদী সরকারের পরিকল্পনা ও নীতির ইতিবাচক প্রভাবের কারণে। দেশবাসীর উৎসাহ তো রয়েইছে, উৎসাহী হয়ে উঠেছে বিভিন্ন দলও। তারা এনডিএ-তে শামিল হচ্ছে।
তিনি জানান, মঙ্গলবার এনডিএ বৈঠকে বর্তমান এবং নতুন বিজেপি-মিত্রদের উপস্থিতি লক্ষ্যণীয় হবে। কেন্দ্রের শাসকদল বিজেপি সম্প্রতি নতুন করে এনডিএ-কে সংঘটিত করার চেষ্টা করছে। যারা শাসক-জোট ছেড়েছিল, তাদের ফেরাতে ওভারটাইম কাজ করেছে বিজেপি।
রবিবারই বিরোধী শিবিরকে ধাক্কা দিয়ে সমাজবাদী পার্টির প্রাক্তন শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি যোগ দেয় এনডিএ-তে। এর ফলে উত্তরপ্রদেশে আরও শক্তিশালী হল বিজেপি। ওবিসি ভোটেব্যাঙ্কে বিজেপি থাবা বসাতে পারবে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সৌজন্যে।












Click it and Unblock the Notifications