তৃণমূলের ভাবনাতেই ধাক্কা উত্তর-পূর্বের রাজ্যে, ঘর গুছিয়ে বার্তা রাহুলের
তৃণমূলের ভাবনাতেই ধাক্কা উত্তর-পূর্বের রাজ্যে, ঘর গুছিয়ে বার্তা রাহুলের
ক্ষমতায় থাকা পঞ্জাবের পরে ছত্তিশগড়ে কংগ্রেসের (Congress) অভ্যন্তরে সংকট। সংকটের পরিস্থিতি মেঘালয়ের (Meghalaya) মতো ক্ষমতায় না থাকা রাজ্যেও। যার জেরে দিন কয়েক আগে সেখানে কংগ্রেসে ভাঙনের পরিস্থিতি তৈরি হলেও, রাহুল গান্ধী (Rahul Gandhi) তৎপরতায় তা আপাতত ঠেকানো গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রদেশ সভাপতিকে নিয়েই গণ্ডগোল
পঞ্জাবে যেমন নভজ্যোত সিং সিধুকে প্রদেশ সভাপতি করার পর থেকেই সেখানে কংগ্রেসে বিবাদ আরও তীব্র হয়, সেই পরিস্থিতি উত্তর-পূর্বের ছোট রাজ্য মেঘালয়েও। সেখানে সভাপতি হিসেবে ভিনসেন্ট এইচ পালাকে নিযুক্ত করার পর থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আড়াআড়ি বিভক্ত হয়ে পড়ে রাজ্য কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা অভিযোগ করেন, এই নিযুক্তির সময় তাঁর সঙ্গে কোনও রকমের পরামর্শ করা হয়নি।

তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা
এরপরেই মুকুল সাংমা এবং রাজ্যের আরও প্রায় ১২ জন বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তীব্র হয়ে ওঠে। যদিও মুকুল সাংমাকে বারবারই বলতে শোনা যায় নতুন কিছু বলার মতো পরিস্থিতি আসেনি। সময় এলেই তা সবাই জানতে পারবেন। যদিও তৃণমূল এই পরিস্থিতিতে কংগ্রেস ভাঙিয়ে মেঘালয়ের মতো ছোট রাজ্যে সংগঠন বাড়াতে উৎসাহী হয়ে ওঠে।

রাহুলের মধ্যস্থতা
সামনেই রাজ্যের তিন বিধানসভার আসনে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনে লড়াই নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল রাজ্য কংগ্রেস। এরপর রাহুল গান্ধী যুযুধান দুই গোষ্ঠীকে দিল্লিতে ডেকে পাঠান। শনিবারই দুই নেতা মুকুল সাংমা এবং ভিনসেন্ট পালা অবশ্য একসঙ্গে লড়াই করার কথা জানিয়েছিলেন। এরপর রবিবার রাহুল গান্ধী দুই নেতাকে নিয়ে বৈঠকে বসেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধী মেঘালয়ের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালা, কংগ্রেসের পরিষদীয় নেতা মুকুল সাংমা, এআইসিসির তরফে মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ চাত্রাথ এবং সাধার সম্পাদক কেসি ভেনুগোপালকে নিয়ে বৈঠক করেন। সেখানেই মেঘালয়ের তিন আসনে প্রার্থী ঠিক হয়ে যায়।

অভিষেকের পরিকল্পনা আপাতত স্থগিত
তৃণমূল সূত্রে খবর, গত সপ্তাহে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল সাংমার বৈঠকও হয়। তৃণমূলের প্রস্তাব নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন বলেও জানা গিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল এমনটাও ঠিক করে ফেলেছিল যে ত্রিপুরায় তৃণমূলের মঞ্চে যোগ দেবেন মুকুল সাংমা। যদিও সেই পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মুকুল সাংমা তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে আরও অপেক্ষা করার পক্ষপাতী বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications