Mamata Letter to Modi: ‘ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হোক,’ ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে মোদীকে চিঠি মমতার
Mamata's Letter to Modi: ৮টি অত্যাবশকীয় ওষুধের দাম বাড়াতে ছাড়পত্র দিয়েছে এনপিপিএ। এবার সেই সিদ্ধান্তেরই বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর (medicine price hike) সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
দু পাতার ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, "নাগরিকদের সুরক্ষা দেওয়াই অগ্রাধিকার। মাসকয়েক আগেই ডায়াবেটিস, রক্তচাপ ও অ্যান্টিবায়োটিকের ওষুধের দাম বেড়েছিল। হঠাৎ করে ফের দাম বাড়লে সাধারণ মানুষের উপর বোঝা আরও বাড়বে।" ওষুধের মূল্যবৃদ্ধি আটকাতে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) উদ্দেশে মুখ্যমন্ত্রী আরও লেখেন, "রাজ্যগুলিতে তো বটেই, ওষুধের দাম বাড়লে গোটা দেশে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে। আমি আশাবাদী, আপনি এবিষয়ে একমত হবেন। আমার আর্জি আপনার দফতরের তরফে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হোক।"
যে ওষুধগুলির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল বেনজাইল পেনিসিলিন ইনজেকশন, অ্যাট্রোপিন ইনজেকশন (০.৬ মিলিগ্রাম), স্ট্রেপটোমাইসিন ইনজেকশন (৭৫০ মিলিগ্রাম ও ১০০০ মিলিগ্রাম), স্যালবুটামল ট্যাবলেট ও রেসপিরেটর পাইলোকারপিন, সেফাড্রক্সিল ট্যাবলেট (৫০০ মিলিগ্রাম), ডেসফেরিওক্সামিন ইনজেকশন ও লিথিয়াম ট্যাবলেট (৩০০ মিলিগ্রাম)।
অ্যাজমা, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, টিবি ও মানসিক রোগের ওষুধসহ আটটি জরুরি ওষুধের দাম একধাক্কায় পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়েছে। ওষুধের কাঁচামালের দাম বাড়তেই ওষুধের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)। ওষুধের দাম ৫০ শতাংশ বাড়ানো নিয়ে সপ্তাহ আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা।
এনপিপিএর দাবি, ওষুধের দাম বৃদ্ধির জন্য লাগাতার ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে চাপ আসছিল। ওষুধ তৈরির কাঁচামাল কেনার খরচ, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং বিনিময় হার বৃদ্ধির ফলে ওষুধ বিক্রিতে লাভের মুখ দেখছে না সংস্থাগুলি। সেই কারণেই ওষুধের দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি সংস্থার। তবে এই প্রথম নয়, ২০১৯ ও ২০২১ সালেও একইভাবে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এনপিপিএ।












Click it and Unblock the Notifications