মোদীর গদি কাড়তে রণনীতি নিরূপণই লক্ষ্য! সোনিয়া সকাশে বৈঠক মমতা-রাহুলের
২০১৯ লোকসভা ভোটের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে লোকসভা ভোটের। নরেন্দ্র মোদী যখন জোর প্রচার শুরু করে দিয়েছেন লোকসভা জয়ের লক্ষ্যে, তখন বিরোধী ঐক্য গড়তে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীরাও নেমে পড়েছেন ময়দানে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শক্তিশালী বিরোধী ঐক্য গড়ে তুলতে এবার সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।

বুধবার ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকে থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। কয়েকদিন আগে রাহুল গান্ধী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন, এই জোটকে নেতৃত্ব দেন তাঁর কোনও অসুবিধা নেই। তারপর দিল্লিতে দুই সুপ্রিমোর এই বৈঠক বর্তমান রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তারপর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯-এ বিজেপিকে ফিনিশ করার বার্তা দিতে ব্রিগেড সমাবেশের ডাক দেন। সেই সমাবেশে তিনি সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানোর কথাও বলেন। ফলে জানুয়ারির ১৯শে ব্রিগেড সমাবেশ এবং সাম্প্রতির এনআরসি ইস্যুতে ফের একবার বিরোধী ঐক্যের মঞ্চ গড়ে তুলতে তৎপর মমতা।
ফলে বুধবার সোনিয়া গান্ধী-মমতা বন্দ্যোপাধ্যায়-রাহুল গান্ধীর মধ্যে বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। গতবারই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আরও নমনীয় মনোভাব দেখানোর পরামর্শ দেন বিরোধী জোটকে আরও প্রত্যয়ী করে গড়ে তোলার জন্য। আর কংগ্রেসকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে, তাও বুঝিয়ে দেন মমতা।
সেই পরামর্শ মেনে রাহুল গান্ধী যে বিরোধী জোট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশজুড়ে, তা স্পষ্ট হয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর থেকেই। রাহুল গান্ধী ইতিমধ্যে অনেক রাজ্যেই জোট প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। বাংলাতেও জোটের কথা হতে পারে এদিনের বৈঠকে, রাজনৈতিক মহলের এমনটাই মতামত।












Click it and Unblock the Notifications