মোদীর ‘কিংমেকারে’র বাড়িতে মমতা! ‘স্বপ্ন’ সফলে বিজেপির ‘বিদ্রোহী’দের সঙ্গে বৈঠক
২০১৯ লোকসভা ভোটের লক্ষ্যে বিরোধী ঐক্য গড়ে তুলতে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজেপির বিদ্রোহীদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠক করেন শারদ পাওয়ারের সঙ্গেও।
দিল্লিতে বসে বিরোধী ঐক্যে শান দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধারে তিনি বিজেপির মুণ্ডপাত করছেন অসমের এনআরসি-বিতর্ককে হাতিয়ার করে, অন্যদিকে তিনি ২০১৯ লোকসভা ভোটের লক্ষ্যে বিরোধী ঐক্য গড়ে তুলতে তৎপর হয়েছেন। মঙ্গলবার বিজেপির বিদ্রোহীদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠক করেন শারদ পাওয়ারের সঙ্গেও।

বিজেপির বিদ্রোহী রাম জেঠ মালানির বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এদিন উপস্থিত ছিলেন অটলবিহারী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য যশবন্ত সিনহা থেকে শুরু করে বর্তমান বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা, বিজেপির প্রবীণ নেতা অরুণ শৌরিও। তাঁরাও মোদী সরকারের অপশাসনের বিরুদ্ধে সরব হন।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে রাজধানীর বুকেই সমাবেশ করেছিলেন বিদ্রোহী বিজেপি নেতারা। এবার মোদী-বিরোধী জোটের পালে হাওয়া লাগাতে তাঁরা দিল্লিতে ছুটে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী জোটে তাঁরাও সামিল হওয়ার বার্তা দিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাওয়া মাত্রই ফের একবার কেন্দ্রের মোদী সরকারের পতনের আওয়াজ উঠে গেল। আর সেই আওয়াজ তুললেন বিজেপিরই বিদ্রোহী নেতারা। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন। বুধবার ১০ জনপথে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আগে তিন বিজেপি নেতার সঙ্গে মমতার এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন বৈঠকের পর বিজেপির বিদ্রোহীরা বলেন, দেশকে বাঁচানোর প্রয়াস চালিয়ে যাচ্চেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে তাঁর পাশে থেকে লড়াইয়ের বার্তা দেন। এর আগের বার দিল্লি সফরে গিয়েও বিজেপির বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেছিলেন এক এক করে ১০ বিরোধী দলের সঙ্গেও।
তখনই তিনি বার্তা দিয়েছিলেন বিজেপি বিরোধী ভোট এক করতে। যেখানে যে দল বেশি শক্তিশালী সেখানে তাঁকে সামনে রেখে লড়াইয়ের পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট কথা একের বিরুদ্ধে এক প্রার্থীতেই লোকসভা ভোটে বাজিমাত করতে তৎপর তিনি। এই অবস্থা বিরোধী জোটের সঙ্গে তাল মেলাতে বিজেপির একাংশের হাজিরা দিল্লিতে অন্য জল্পনা তৈরি করল।












Click it and Unblock the Notifications