Maharashtra CM: রবিতে দলীয় বৈঠকের পর সোমে জোট বৈঠক, কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? কবে শপথ গ্রহণ?
Maharashtra CM oath taking: মহারাষ্ট্রে মহাজুটি জিততেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জোর জল্পনা। রবিবার আলাদা আলাদা বৈঠক মহাজুটির (Mahayuti) প্রধান দল বিজেপি-সহ শরিক একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপির। রবিবারের বৈঠকে পরিষদীয় দলনেতার নাম ঠিক করবেন তাঁরা।
এনসিপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন অজিত পাওয়ার (Ajit Pawar)। মুম্বইয়ে তার বাসভবনেই এদিন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক সারেন তিনি। অন্যদিকে, মুম্বইতে দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) বাড়িতে বৈঠকে বিজেপির কোর কমিটি। বান্দ্রার হোটেলে নবনির্বাচিত শিবসেনা বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)।

রবিবার আলাদা আলাদা বৈঠক হলেও সোমবার হবে জোট বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করা হবে বলে সূত্রের খবর। মহাজুটির সমস্ত নবনির্বাচিত প্রার্থীরা থাকবেন বৈঠকে। সোমবারই হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠানও (Oath Taking Ceremony)।
শিন্ডে শিবিরের এক বরিষ্ঠ মন্ত্রী দীপক কেসরকার জানান, সোমবার কেবল মুখ্যমন্ত্রী (CM) ও উপমুখ্যমন্ত্রী (Deputy CM) পদে শপথগ্রহণ হবে। যদিও মন্ত্রিসভায় (Cabinet) কারা থাকবেন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাজুটির ঝড়ে মুখ থুবড়ে পড়েছে মহা বিকাশ আঘাড়ি। ২৮৮ আসনের বিধানসভায় ২৩৩ আসন পেয়েছে মহাজুটি। মাত্র ৪৯ আসনে জয়ী হয়েছে মহা বিকাশ আঘাড়ি। মহাজুটিতে সবচেয়ে বেশি সংখ্যক ১৩২টি আসন পেয়েছে বিজেপি। শিন্ডের শিবসেনা ও অজিতের এনসিপি পেয়েছে যথাক্রমে ৫৭ ও ৪১টি আসন।
বিজেপির দুরন্ত জয়ের পর মুখ্যমন্ত্রীর দৌড়ে যার নাম সবার আগে উঠে আসছে তিনি হলেন দেবেন্দ্র ফড়নবীশ। ২০২২ সালে একনাথ শিন্ডেকে কুর্সি ছেড়ে দিয়েছিলেন তিনি। দলের স্বার্থে কার্যত আপোস করতে হয়েছিল তাঁকে।
মানভঞ্জনে দেবেন্দ্রকে দেওয়া হয়েছিল উপমুখ্যমন্ত্রীর পদ (Deputy Chief Minister)। তবে এবার সুযোগ ছাড়তে বিজেপি (BJP) নারাজ বলেই সূত্রের খবর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নাবীশকেই সিংহাসন ছেড়ে দিতে পারেন একনাথ শিন্ডে।
তবে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে মহাজুটি সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর। এরপর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে পারে শপথ গ্রহণের অনুষ্ঠান। ১০ বছর আগে এখানেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications