Maharashtra Assembly Election 2024: টিকিট-কোন্দলে ফড়নবীশের দ্বারস্থ বিজেপি নেতাকর্মীরা, বেকায়দায় মহাজুটি?
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ। ৯৯ জন প্রার্থীর নাম ঘোষণা করে প্রথম তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে একাধিক বিধায়ক ও প্রত্যাশীদের টিকিট দেওয়া হয়নি বলে ক্ষোভ দলের অন্দরে। এনিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা দলের নেতা দেবেন্দ্র ফড়নবীশের দ্বারস্থ বিজেপি নেতাকর্মীরা।
মুম্বইতে ফড়নবীশের বাড়িতে আসছেন একের পর এক বিজেপি নেতাকর্মী। সূত্রের খবর, দলে বেসুরো শোনা যাচ্ছে একাধিক বিধায়ক ও প্রভাবশালী নেতাকর্মীকে। টিকিট না পেয়ে গেরুয়া শিবিরের একাধিক নেতাকর্মী অন্য উপায়ের পথে হাঁটতে পারেন বলেও জল্পনা। বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরই মহাজুটির অন্দরে ভাঙন দেখা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নাসিক সেন্ট্রালের বিজেপি বিধায়ক দেব্যানি ফারাণ্ডেকে এবারে টিকিট দেয়নি দল। সূত্রের খবর, নাসিক জেলার ৫ বিজেপি বিধায়কের মধ্যে ৪ জনের নাম প্রার্থী তালিকায় (BJP candidates list) থাকলেও বর্তমান বিধায়কের নাম নেই। এরপরই নগর পরিষদের সদস্যদের নিয়ে ফড়নবীশের (Devendra Fadnavis) দ্বারস্থ হন বিধায়ক ফারাণ্ডে। উপমুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের দাবি করেন তাঁরা।
টিকিট না পেয়ে দলে বেসুরোর সংখ্যা বাড়তেই মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা গিরিশ মহাজন (Girish Mahajan)। তিনি বলেন, "বহু বিধায়ক হয়ত ভাবছেন দল তাদের হয়ত টিকিট দেবে না। তবে বিষয়টি আসলে অন্য।" বিজেপি নেতার দাবি, একাধিক আসনে জল মাপছে দল। পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশের আগে খুঁটিনাটি দেখে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তবে শুধু টিকিট কোন্দলই নয়। জোট শরিকদের (Mahayuti Alliance) আসন ছেড়ে দেওয়া নিয়ে বিজেপির একাংশে অসন্তোষ। রত্নগিরি সঙ্গমেশ্বর আসন একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনাকে ছেড়েছে বিজেপি। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপি নেতা বাল মেন। ওই আসনে রাজ্যের মন্ত্রী তথা শিন্ডে ঘনিষ্ঠ উদয় সামন্তকে প্রার্থী করেছে শিবসেনা।
২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে ভোট। ২৮৮ আসনের বিধানসভায় লড়ছে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির জোট। নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা শুরু আগামী ২২ অক্টোবর। মহারাষ্ট্রে ভোটগণনা হবে ২৩ নভেম্বর।












Click it and Unblock the Notifications